২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়া সেঞ্চুরিতে ভারতীয় ব্যাটারের ইতিহাস

প্রথম ব্যাটার হিসেবে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে এক ম্যাচে দুই সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি।

জোড়া সেঞ্চুরিতে ভারতীয় ব্যাটারের ইতিহাস
তানুশ্রী সরকার। ছবি: উইজডেন ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2025, 11:55 PM

Updated : 26 Aug 2026, 12:25 PM

প্রথম ইনিংসে অপরাজিত ছিলেন দেড়শ ছাড়িয়ে। দ্বিতীয় ইনিংসেও অপরাজিত সেঞ্চুরি করলেন তানুশ্রী সরকার। তার নাম উঠে গেল রেকর্ড বইয়ে। প্রথম ব্যাটার হিসেবে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে এক ম্যাচে দুই সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি।

ভারতের উইমেন’স মাল্টি-ডে চ্যালেঞ্জার ট্রফিতে ‘সি’ দলের হয়ে ‘এ’ দলের বিপক্ষে এই স্বাদ পেয়েছেন তানুশ্রী। তিন দিনের ম্যাচে প্রথম ইনিংসে তিনে নেমে তিনি করেন ২৭৮ বলে অপরাজিত ১৫৩ রান। দ্বিতীয় ইনিংসে বুধবার ১৮৪ বলে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। 

বিশ্বজুড়ে মেয়েদের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতায় খুব বেশি হয় না। ভারত ও বাংলাদেশেই শুধু আনুষ্ঠানিক প্রথম শ্রেণির প্রতিযোগিতা আছে। ছেলেদের তুলনায় মেয়েদের টেস্ট ম্যাচও অনেক কম হয়। এখন পর্যন্ত মেয়েদের টেস্ট হয়েছে কেবল ১৪৯টি।

তানুশ্রীর এখনও ভারত জাতীয় দলের হয়ে খেলা হয়নি। ২০১৬ সালে অভিষেকের পর এখন পর্যন্ত সাতটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।