Published : 19 Sep 2026, 01:49 PM
ফিল্ডিংয়ের সময় ক্রিকেটারদের চোট পাওয়ার ঘটনা অহরহই দেখা যায়। তবে রাচিন রাভিন্দ্রার এবারের অভিজ্ঞতা একটু বিরলই বলতে হবে। নিউ জিল্যান্ডের এই ক্রিকেটার চোটে পড়লেন ক্যাচ ধরার অভিনয় করতে গিয়ে! ভারতের বিপক্ষে সামনের টি-টোয়েন্টি সিরিজে তার অংশগ্রহণ এখন ঝুলতে অনিশ্চয়তার সুতোয়।
এই সপ্তাহের শুরুতে অকল্যান্ডে একটি প্রচারণামূলক শুটিংয়ের সময় ডাইভ দিয়ে ক্যাচ নিতে গিয়ে এই বিপত্তি বাধে। যদিও সেখানে ‘সেফটি ম্যাট’ ছিল। তবে ডাইভ দিয়ে পড়ার সময় ভারসাম্য হারিয়ে ফেলেন রাভিন্দ্রা। তার ডান কাঁধের হাড় স্থানচ্যুত হয়।
নিউ জিল্যান্ড ক্রিকেটের বিবৃতিতে সুনির্দিষ্ট করে বলা হয়নি চোট কতটা গুরুতর বা কতদিন তাকে বাইরে থাকতে হবে। সেখানে বলা হয়েছে, “পুনর্বাসনের প্রথম সপ্তাহগুলোতে তার অগ্রগতির” ওপর ভিত্তি করে তার মাঠে ফেরা নির্ভর করবে।
ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের বাকি আছে আরও এক মাসের বেশি। তবে চোটের ধরনের কারণেই তাকে নিয়ে শঙ্কাটা জাগছে। সিরিজের জন্য নিউ জিল্যান্ডের দল ঘোষণা করা হবে আগামী সপ্তাহে। নিউ জিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ওই সিরিজের দলে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের থাকার ব্যাপারটি এখনও ‘অস্পষ্ট।’
নিউ জিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল বলেন, সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পর এই দুর্ঘটনা হানা দিয়েছে।
“এই ধরনের চোট সত্যিই দুর্ভাগ্যজনক। রাচিনের জন্য আমরা খুবই মর্মাহত এবং আমাদের প্রধান অগ্রাধিকার হলো, সে যেন ভালোভাবে সেরে ওঠে এবং যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরে আসে, তা নিশ্চিত করা।
আমাদের ক্রিকেটারদের নিয়ে করা সমস্ত বাণিজ্যিক শুটিংয়ের মতোই এবারও যথাযথ নিরাপত্তা ব্যবস্থাসহ সবকিছু আগে থেকেই সব পক্ষের সম্মতিতে সম্পন্ন হয়েছিল। এটা ছিল অপ্রত্যাশিত দুর্ঘটনা এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা সংক্রান্ত কার্যপ্রণালী আমরা পর্যালোচনা করতে থাকব।”
প্রধান কোচ রব ওয়াল্টার বলেছেন, রাভিন্দ্রাকে ফেরানোর জন্য তাড়াহুড়ো করবেন না তারা।
“আগামী ছয় মাসে টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচি থাকায় প্রয়োজনের চেয়ে আগে আমরা রাভিন্দ্রাকে ফেরাতে চাই না। তার পুনর্বাসনের বিষয়টি খুব ভালো তত্ত্বাবধানে রয়েছে এবং আমরা শীঘ্রই তাকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে আছি।”
ভারতের বিপক্ষে তিন সংস্করণেই সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। ২২ অক্টোবর শুরু পাঁচ ম্যাচের ওয়ানযে সিরিজ। এরপর আছে পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট। ওই সিরিজ শেষ হওয়ার পরপরই চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কিউইরা যাবে অস্ট্রেলিয়ায়।
নিউ জিল্যান্ডের তিন সংস্করণের দলেই অপরিহার্য সদস্য রাভিন্দ্রা।