২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে ভেসে গেল যুবাদের আরেকটি ম্যাচ

চতুর্থ যুব ওয়ানডেতে স্বাগতিকরা ৪৫ ওভার ব্যাটিং করার পর বৃষ্টির বাধায় আর খেলা হলো না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2025, 11:08 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

পরপর দুই ম্যাচে দেখা গেল একই দৃশ্য। প্রকৃতির বাধায় ভেস্তে গেল ইংল্যান্ড ও বাংলাদেশের চতুর্থ যুব ওয়ানডেও। স্বাগতিকদের ইনিংসের শেষ দিকে বৃষ্টি হানা দেওয়ার পর আর খেলাই হলো না।

বেকেনহামে শুক্রবার চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হয় ইংল্যান্ড ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। ৪৫ ওভারে তারা ৫ উইকেটে ২৭৯ রান করার পর বৃষ্টি নামে।

ইংল্যান্ডের হয়ে অপরাজিত ৯৩ রান করেন দলটির অধিনায়ক টমাস হেনরি সিডনি রু। ৮৬ বলের ইনিংসে ৪টি ছক্কা ও ৭টি চার মারেন তিনি।

এছাড়া রালফি আলবার্ট ২ ছক্কা ও ৫টি চারে ৪৩ বলে ৫২ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট পান আল ফাহাদ, আজিজুল হাকিম, সামিউন বাশির, স্বাধীন ইসলাম ও রিজান হোসেন।

সিরিজের তৃতীয় ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সেদিন ১৮ ওভার ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ১০১ রান করেছিল বাংলাদেশ।

পাঁচ ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়। প্রথম ম্যাচে বাংলাদেশের ৮৭ রানে জয়ের পর দ্বিতীয়টি ৪ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড।

একই মাঠে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ম্যাচ আগামী রোববার।