Published : 04 Sep 2026, 11:54 AM
কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম দফায় দুর্দান্ত পারফরম্যান্সের পর হাসান মাহমুদকে ফিরে পেতে মরিয়া ছিল কেন্ট। ফেরার ম্যাচে দলের প্রত্যাশা দারুণভাবেই পূরণ করলেন বাংলাদেশের এই পেসার। চার উইকেট নিয়ে দলকে এনে দিলেন লিড।
ক্যান্টারবুরিতে উস্টারশায়ারের বিপক্ষে ৬৮ রানে চার উইকেট শিকার করেন হাসান। এক পর্যায়ে শক্ত অবস্থানে থাকলেও পরে পথ হারিয়ে প্রথম ইনিংসে ২১৭ রানে গুটিয়ে যায় উস্টার। বড় পুঁজি না নিয়েও ২১ রানের লিড পায় কেন্ট।
ম্যাচের প্রথম দিনে কেন্ট অলআউট হয় ২৩৮ রানে। সেদিনই ব্যাটিংয়ে নামা উস্টারকে নতুন বলে জোড়া ধাক্কায় নাড়িয়ে দেন হাসান। অসাধারণ ফর্মে থাকা জেইক লিবির দুই স্টাম্প উপড়ে দেন তিনি দারুণ এক ডেলিভারিতে। দুই সংস্করণ মিলিয়ে সবশেষ সাত ম্যাচে পাঁচ সেঞ্চুরি এক ফিফটি করা ব্যাটসম্যান এবার আউট হন ১৮ রানেই। পরের বলেই হাসান ফিরিয়ে দেন নতুন ব্যাটসম্যান রেহান এডাভালাথকে।
তৃতীয় উইকেটে ড্যানিয়েল লেইটগ্যান ও অ্যাডাম হোস ভালো জুটি গড়ে এগিয়ে নেন উস্টারকে। এক পর্যায়ে তাদের রান ছিল ২ উইকেটে ১২৫।
লেইটগ্যানকে ৫৯ রানে ফিরিয়ে ৯৯ রানের জুটি ভাঙেন ম্যাট মিল্নস। ৫০ রান করা হোসকে ফেরান কিথ ডাজন। হাসান পরে উড়িয়ে দেন ম্যাথু ওয়েটের স্টাম্প। পরে উস্টারের ইনিংস শেষ করে দেন তিনি শেষ ব্যাটসম্যান অ্যাডাম ফিঞ্চকে ফিরিয়ে।
লিড পেয়ে উজ্জীবিত কেন্ট দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষ করে ৩ উইকেটে ১৯৭ রান নিয়ে। ইংল্যান্ড টেস্ট দলে জায়গা হারানো ওপেনার জ্যাক ক্রলি করেন ৫৪। প্রায় আড়াইশ প্রথম শ্রেণির ম্যাচের অভিজ্ঞ ব্যাটসম্যান স্যাম নর্থইস্ট দিন শেষ করেন ৯৬ রানে অপরাজিত থেকে।
ডিভিশন টু থেকে ডিভিশন ওয়ানে ওঠার লড়াইয়ে এই ম্যাচ কেন্টের জন্য গুরুত্বপূর্ণ। ডিভিশন টু-তে পয়েন্ট তালিকায় দুইয়ে আছে তারা, উস্টার আছে চারে।
কেন্টের হয়ে প্রথম দফায় গত জুনে দুই ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন হাসান। পরে টি-টোয়েন্টি ব্লাস্টেও এই দলের হয়ে খেলেছিলেন তিনটি ম্যাচ।
বাংলাদেশের আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ এই ম্যাচে একাদশে সুযোগ পাননি। কাউন্টিতে এক ম্যাচে দুজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারে প্রতি দল। হাসানের সঙ্গে এই ম্যাচে খেলছেন দক্ষিণ আফ্রিকান পেসার কিথ ডাজন। চলতি আসরে ১১ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন এই পেসার।