পাডিক্কালকে ছাড়িয়ে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড
দলের বাঁচা-মরার ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও একটি রেকর্ড গড়লেন ১৫ বছর বয়সী সুরিয়াভানশি।
স্রেফ ৪ রানের ইনিংস। নেই কোনো বাউন্ডারি। দলের বাঁচা-মরার ম্যাচে ব্যাট হাতে বৈভাব সুরিয়াভানশির অবদান এটুকুই। এই ছোট্ট ইনিংসের পথেই অবশ্য আবার রেকর্ড বইয়ে নাম লেখালেন ১৫ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান।
কোনো একটি টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে কোনো টিনএজারের সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন সুরিয়াভানশির। তিনি ভেঙে দিয়েছেন নিজ দেশের দেবদুত পাডিক্কালের রেকর্ড।
২০১৯-২০ মৌসুমে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলি ট্রফিতে কার্ণাটাকার হয়ে ১২ ম্যাচে ৫৮০ রান করে এতদিন রেকর্ডটি ছিল পাডিক্কালের।
তাকে ছাড়িয়ে যেতে এবারের আইপিএলের প্রাথমিক পর্বের শেষ দিন রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সুরিয়াভানশির প্রয়োজন ছিল ২ রান। ৬ বলে ৪ রান করেন রাজস্থান রয়্যালস ওপেনার।
আসরে ১৪ ম্যাচে ২৩২.২৭ স্ট্রাইক রেটে সুরিয়াভানশির রান এখন ৫৮৩।
এই তালিকায় পাডিক্কাল ও সুরিয়াভানশি ছাড়া আর কেউ পাঁচশ, এমনকি চারশ রানও করতে পারেননি। ৩৯৭ রান নিয়ে যৌথভাবে তালিকায় তিন নম্বরে ভারতের তিলাক ভার্মা ও দক্ষিণ আফ্রিকার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।
২০২২ আইপিএলে মুম্বাইয়ের হয়ে তিলাক ১৪ ম্যাচে ও ২০২৪-২৫ মৌসুমে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে পার্ল রয়্যালসের হয়ে প্রিটোরিয়াস ১২ ম্যাচে ওই রান করেন।
বিধ্বংসী ব্যাটিংয়ে বয়সের অনেক রেকর্ড এরই মধ্যে নিজের করে নিয়েছেন সুরিয়াভানশি। সেখানে যোগ হলো আরেকটি।
মুম্বাইয়ের বিপক্ষে জিতে রাজস্থান প্লে-অফে উঠতে পারলে, রান সংখ্যা আরও বাড়ানোর সুযোগ থাকবে তার সামনে।
