২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে স্তব্ধ করে নেপালের স্মরণীয় জয়

বোলিং-ফিল্ডিংয়ে উজ্জীবিত পারফরম্যান্সে আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল নেপাল।

ওয়েস্ট ইন্ডিজকে স্তব্ধ করে নেপালের স্মরণীয় জয়
ঐতিহাসিক জয়ে সিরিজে এগিয়ে গেল নেপাল। ছবি: নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 12:11 AM

Updated : 26 Aug 2026, 02:22 PM

সিরিজটা নেপালের জন্য এমনিতেই মাইলফলকের। সেই উপলক্ষ রাঙাল তারা প্রথম ম্যাচেই অবিস্মরণীয় এক জয়ে। মাঝারি পুঁজি নিয়ে বোলিং-ফিল্ডিংয়ে উজ্জীবিত পারফরম্যান্সে টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল আইসিসির সহযোগী দেশটি।

শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শনিবার নেপালের জয় ১৯ রানে। ১৪৮ রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ১২৯ রানে আটকে দেয় তারা। 

আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে যে কোনো সংস্করণে নেপালের প্রথম জয় এটিই। সেটাও এলো আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে এশিয়ার এই উঠতি ক্রিকেট শক্তির প্রথম দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচেই।

এই সিরিজটিকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ উল্লেখ করেছিল ‘ঐতিহাসিক’ সিরিজ হিসেবে। যেখানে শুরুতেই অঘটনের শিকার হলো ক্যারিবিয়ানরা। 

ভারতে সামনে টেস্ট সিরিজ থাকায় পূর্ণ শক্তির দল যদিও এই সিরিজে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। অনেকটা নতুন চেহেরার দলকে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন স্পিনার আকিল হোসেন। প্রথম ম্যাচে অভিষেক হয়েছে তাদের চার জনের। এতে অবশ্য নেপালের অর্জন কমছে না একটুও। ঐতিহাসিক এই জয় পেল তারা বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট লর হাত ধরে।

দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই জয়ের নায়ক নেপালের অধিনায়ক রোহিত পাউড়েল। ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন তিনি ৩৫ বলে। বল হাতে তিন ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট নেন ২৩ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার। ম্যাচ-সেরার স্বীকৃতি পান তিনিই।

শেষটা স্বপ্নের মতো হলেও নেপালের শুরুটা ছিল দুঃস্বপ্নের। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১২ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ফেলে তারা। সেখান থেকে ইনিংস সেরা ৪৫ বলে ৫৯ রানের জুটিতে দলকে টানেন রোহিত ও কুশাল মাল্লা।

নিজের পরপর দুই ওভারে দুই থিতু ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন অভিষিক্ত লেগ স্পিনিং অলরাউন্ডার নাভিন বিদেইসি। 

২টি করে চার ও ছক্কায় ২১ বলে ৩০ রান করেন মাল্লা। ৩ চার ও এক ছক্কায় গড়া রোহিতের ৩৮ রানের ইনিংস। 

পরে গুলসান ঝা (১৬ বলে ২২) ও দিপেন্দ্রা সিং আইরির (১৯ বলে ১৭) অবদানে দেড়শর কাছে যেতে পারে নেপাল।

এক ওভারে তিনটিসহ ২০ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। বিদেইসির প্রাপ্তি ৩টি।

রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারে কুশাল ভুর্তেলের সরাসরি থ্রোয়ে রান আউট হন কাইল মেয়ার্স। অভিষিক্ত আকিম ওগিস দুটি ছক্কা মারলেও ইনিংস টেনে নিতে পারেননি (৭ বলে ১৫)।

জুয়েল অ্যান্ড্রু ৫ রান করতে খেলেন ১১ বল। টি-টোয়েন্টি অভিষিক্ত আমির জাঙ্গু ফেরেন ২২ বলে ১৯ রান করে। কেসি কার্টির রান আউট ও হোল্ডারের দ্রুত বিদায়ে তাদের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ৭৬।

একটি করে চার ও ছক্কায় ২২ রান করে দলকে একশর কাছাকাছি নিয়ে যান বিদেইসি। ৩ রানে ক্যাচ দিয়ে ‘নো’ বলের কারণে বেঁচে যাওয়া ফ্যাবিয়ান অ্যালেন (১৪ বলে ১৯) ও আকিল (৯ বলে ১৮) চেষ্টা করলেও পারেননি তারা।

শেষ দুই ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৩০ রান। ১৯তম ওভারে দুর্দান্ত বোলিংয়ে স্রেফ ২ রান দিয়ে আকিলকে ফেরান কারান কেসি। শেষ ওভারে দুটি চার মেরে শেষ বলে আউট হন অ্যালেন। বাউন্ডারিতে দুইবারের চেষ্টায় অসাধারণ ক্যাচ নেন ভুর্তেল। ফিল্ডিং এদিন দারুণ ছিল নেপালের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে কেবল একটিই আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল নেপাল। ২০২৩ সালে হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে ১০১ রানে হেরেছিল তারা। এবার তারা পেল আজীবন মনে রাখার মতো এক জয়।

এখন সিরিজ জয়ের হাতছানিতে সোমবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন রোহিত-ভুর্তেলরা।

সংক্ষিপ্ত স্কোর:

নেপাল: ২০ ওভারে ১৪৮/৮ (ভুর্তেল ৬, আসিফ ৩, রোহিত ৩৮, মাল্লা ৩০, ঝা ২২, দিপেন্দ্রা ১৭, জরা ৯, কামি ৬*, কারান ০, নান্দান ৭*; আকিল ৪-০-১৮-১, হোল্ডার ৪-০-২০-৪, সিমন্ডস ২-০-২৫-০, অ্যালেন ২-০-১৯-০, ম্যাককয় ৪-০-৩৭-০, বিদেইসি ৪-০-২৯-৩)

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১২৯/৯ (মেয়ার্স ৫, জাঙ্গু ১৯, ওগিস ১৫, অ্যান্ড্রু ৫, কার্টি ১৬, বিদেইসি ২২, হোল্ডার ৫, অ্যালেন ১৯, আকিল ১৮, ম্যাককয় ০*; দিপেন্দ্রা ৩-০-২০-১, কারান ৩-০-১৭-১, নান্দান ১-০-৬-১, কামি ৪-০-৪৩-০, রাজবানশি ২-০-৬-১, রোহিত ৩-০-২০-১, ভুর্তেল ৪-০-১৭-২) 

ফল: নেপাল ১৯ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে নেপাল

ম্যান অব দা ম্যাচ: রোহিত পাউড়েল