২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে থাকা তিনজনকে নিয়ে যুবাদের নতুন স্কোয়াড

আড়াই সপ্তাহের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসবে সংযুক্ত আরব আমিরাতের যুবারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2024, 04:18 PM

Updated : 26 Aug 2026, 10:40 AM

প্রায় আট মাস পর মাঠে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি তিন দিনের ম্যাচের পর তারা খেলবে চারটি যুব ওয়ানডে। দুই সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিবি।

আনুষ্ঠানিক বিবৃতিতে মঙ্গলবার ঘোষিত এই দলে রাখা হয়েছে সবশেষ যুব বিশ্বকাপে থাকা তিন ক্রিকেটারকে। এছাড়া এরই মধ্যে যুব ক্রিকেটের স্বাদ পাওয়া আরও দুজন আছেন স্কোয়াডে।

আড়াই সপ্তাহের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসবে আরব আমিরাতের যুবারা। রাজশাহী ও মিরপুরে হবে তাদের এই সফরের খেলা।

দক্ষিণ আফ্রিকায় গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর কোনো ম্যাচ খেলেনি যুবারা। বিরতির পর ফেরার স্কোয়াডে রাখা হয়েছে সবশেষ বিশ্বকাপ দলে থাকা উইকেটরক্ষক আশরাফুজ্জামান বরেণ্য, বাঁহাতি স্পিনার রাফিউজ্জামান রাফি ও পেসার ইকবাল হোসেন ইমন। 

রাফি ও ইকবাল বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার সুযোগ পেলেও, কোনো ম্যাচ খেলা হয়নি এখনও ১৭ বছর পূর্ণ না হওয়া বরেণ্যর। তবে যুব ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। 

এরই মধ্যে যুব ওয়ানডে খেলা বাঁহাতি ওপেনার মাজাহারুল ইসলাম ও পেস অলরাউন্ডার রিজান হোসেনকেও ডাকা হয়েছে দলে। 

দলে ডাক পাওয়া আরেক পেসার আল ফাহাদ এরই মধ্যে আবাহনী লিমিটেডের হয়ে গত ঢাকা প্রিমিয়ার লিগে চারটি ম্যাচ খেলেছেন। ফাহাদের মতো ইকবালেরও আছে প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা।

সব মিলিয়ে তিন ওপেনার, তিন মিডল-অর্ডার, তিন উইকেটরক্ষক, এক অলরাউন্ডার, তিন স্পিনার ও চার পেসারে সাজানো হয়েছে দল।

তিন দিনের ম্যাচ ও প্রথম দুটি যুব ওয়ানডেতে দলতে নেতৃত্ব দেবেন মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান কালাম সিদ্দিকি এলিন। পরে শেষ দুই যুব ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন বাঁহাতি মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান আজিজুল হাকিম তামিম।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে আগামী ২০ অক্টোবর শুরু হবে তিন দিনের ম্যাচ। একই মাঠে প্রথম দুই যুব ওয়ানডে ২৫ ও ২৭ তারিখ।

এরপর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩০ অক্টোবর ও ১ নভেম্বর হবে বাকি দুই ম্যাচ। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড

ওপেনার: মাজাহারুল ইসলাম, রিফাত বেগ, জাওয়াদ আবরার

মিডল-অর্ডার: আজিজুল হাকিম তামিম (শেষ দুই ওয়ানডের অধিনায়ক), সামিউন বশির রাতুল, কালাম সিদ্দিকি এলিন (তিন দিনের ম্যাচ ও প্রথম দুই ওয়ানডের অধিনায়ক)

উইকেটরক্ষক: ফরিদ হোসেন ফয়সাল, আশরাফুজ্জামান বরেণ্য

অলরাউন্ডার: রিজান হোসেন

স্পিনার: স্বাধীন ইসলাম, রাফিউজ্জামান রাফি, ইয়াসির আরাফাত

পেসার: আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, সাঞ্জিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন