Published : 30 Jul 2026, 05:29 PM
মেহেদী হাসান মিরাজের জায়গায় ওয়ানডেতে বাংলাদেশ দলের নেতৃত্বে ফেরা লিটন কুমার দাসকে অভিনন্দন জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট অধিনায়কের বিশ্বাস, টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও দলকে ভালো জায়গায় নিয়ে যাবেন লিটন।
অস্ট্রেলিয়া সফরের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দীর্ঘ দিনের সতীর্থের উপর আস্থা থাকার কথা জানান শান্ত।
গত বছর মে মাসে টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হয় লিটনকে। এই সংস্করণে এখনও নিজেদের খেলার সঠিক ধরণ খুঁজে ফিরছে বাংলাদেশ। নিজস্ব একটা ঘারানা তৈরির চেষ্টা করে যাচ্ছেন লিটন। চোটের জন্য অবশ্য সেই দুটি সিরিজে দলকে নেতৃত্ব দিতে পারেননি তিনি। তবে এই সংস্করণে দেশকে এগিয়ে নিতে লিটনের চেষ্টা চোখে পড়েছে শান্তর। বাঁহাতি এই ব্যাটসম্যানের আশা, ওয়ানডেতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে লিটনের।
“লিটনকে অভিনন্দন। সে টি-টোয়েন্টি দলকে যেভাবে ভালো জায়গায় নিয়ে এসেছে, ওয়ানডে দলকেও ভালো জায়গায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।”
মিরাজের জায়গায় ওয়ানডে অধিনায়ক হতে পারেন নাজমুল হোসেন শান্ত, এমন গুঞ্জনও ছিল। তবে, এ নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে স্পষ্ট আলোচনা হওয়ার কথা বললেন শান্ত।
“তামিম ভাইয়ের সঙ্গে (অধিনায়কত্ব নিয়ে) আমার কথা হয়েছে, বিষয়টা পরিষ্কার ছিল। ম্যানেজমেন্ট দলের জন্য যেটা ভালো মনে করেছে, সেই সিদ্ধান্তই নিয়েছে।”