২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুরিয়াকুমারের সিদ্ধান্ত নিয়ে বিপরীতমুখী গাভাস্কার বাবা-ছেলে

ভারত অধিনায়কের চিন্তাভাবনার প্রশংসা করেছেন সুনিল গাভাস্কার, তবে তার ছেলে রোহান গাভাস্কার তুলেছেন প্রশ্ন।

সুরিয়াকুমারের সিদ্ধান্ত নিয়ে বিপরীতমুখী গাভাস্কার বাবা-ছেলে
রোহান গাভাস্কার (বাঁয়ে) ও সুনিল গাভাস্কার। ফাইল ছবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 04:01 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

ওমানের বিপক্ষে সুরিয়াকুমার ইয়াদাভের ব্যাটিংয়ে না নামার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটে জন্ম দিয়েছে নতুন বিতর্কের। যা নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। ভারত অধিনায়কের এমন ভাবনা নিয়ে ভিন্ন মত দিয়েছেন দেশটির দুই সাবেক ক্রিকেটার সুনিল গাভাস্কার ও রোহান গাভাস্কার, সম্পর্কে যারা বাবা-ছেলে।

এশিয়া কাপের সুপার ফোরে জায়গা নিশ্চিত হয়ে যাওয়ায় ওমানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ভারতের জন্য ছিল একরকম নিয়মরক্ষার। লড়াইয়ের আগের দিন দলকে বিভিন্ন পরামর্শ দেন সুনিল গাভাস্কার। যার মধ্যে একটি ছিল সুরিয়াকুমারকে নিচে ব্যাটিং করা।

সেই পথেই হাঁটে ভারত। দুবাইয়ে শুক্রবারের ম্যাচটিতে দল ৮ উইকেট হারালেও অন্যদের সুযোগ দিতে ব্যাটিংয়েই নামেননি দলের টপ অর্ডার ব্যাটসম্যান সুরিয়াকুমার। ১৮৮ রানের পুঁজি গড়ে ম্যাচটি ২১ রানে জেতে শিরোপাধারীরা।

সুরিয়াকুমারের এই সিদ্ধান্ত মনে ধরেছে সুনিল গাভাস্কারের। সনি স্পোর্টসে আলাপকালে উত্তরসূরির প্রশংসা করেছেন ভারতের ব্যাটিং গ্রেট।

“সে যদি এক ওভারও ব্যাটিং করত, তাহলে কয়েকটি চার ও ছক্কা মারতে পারত এবং সেটা তার জন্য ভালো হতো। কিন্তু পাকিস্তানের বিপক্ষে যেভাবে সে ব্যাট করেছে, তাতে সম্ভবত ব্যাটিং অনুশীলনের প্রয়োজন বোধ করেনি। সে হয়তো ভেবেছিল, ভারত যদি পরের কোনো ম্যাচে দ্রুত উইকেট হারায়, তাহলে কুলদিপ ইয়াদাভের ব্যাটিং কাজে আসতে পারে। সম্ভবত একারণেই সে কুলদিপকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল।”

“তার চিন্তা-ভাবনা কিছুটা অপ্রথাগত। শ্রীলঙ্কায় আমরা তাকে দেখেছি নিজে বল করতে এবং রিঙ্কু সিংকে বোলিং দিতে। সে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল, একটা পর্যায়ে যেটা মনে হচ্ছিল ফসকে যাচ্ছে এবং শেষ পর্যন্ত ভারত জিতেছিল। সে উদ্ভাবনী চিন্তাধারার। সম্ভবত এই কারণেই নিজে ব্যাটিংয়ে না নেমে কুলদিপ ও আর্শদিপকে পাঠিয়েছে।”

সুনিল গাভাস্কারের ছেলে রোহান গাভাস্কারের কাছে যদিও সুরিয়াকুমারের ব্যাটিংয়ে না নামার সিদ্ধান্তটি মোটেও ভালো লাগেনি। ভারতের জার্সিতে ১১ ওয়ানডে খেলা রোহান ক্রিকবাজে আলোচনায় বলেন, এমন ভাবনা থাকলে ম্যাচটি থেকে বিশ্রাম নিয়ে রিঙ্কু সিংকে একটি ম্যাচ খেলার সুযোগ দিতে পারত সুরিয়াকুমার।

“আমি যা বুঝতে পারছি না সেটা হলো, যদি সুরিয়াকুমার ইয়াদাভের ব্যাটিং করার ভাবনা না-ই থাকত, এবং সেটা স্পষ্টও এই কারণে যে, সে তার আগে আর্শদিপ, হার্শিত ও কুলদিপকে ব্যাটিংয়ে পাঠিয়েছে, তাহলে এই ম্যাচ থেকে সে বিশ্রাম নিতে পারত। রিঙ্কুকে সুযোগ দেওয়া যেত। ব্যাটিং করবে না, বল হাতেও ভূমিকা রাখবে না। ভাবনাটা যদি এমনই হয়, তাহলে রিঙ্কুকে একটি ম্যাচ খেলতে দেওয়া যেত।”

এবারের এশিয়া কাপে প্রথম দুই ম্যাচে তিনে ব্যাটিং করে দুটিতেই অপরাজিত ছিলেন সুরিয়াকুমার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ বল খেলে একটি ছক্কায় ৭ রান করেন তিনি। আর পাকিস্তান ম্যাচে তার ব্যাট থাকে আসে ১ ছক্কা ও ৫টি চারে ২৭ বলে ৪৭ রান।

অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করা ভারত সুপার ফোরে খেলবে তিনটি ম্যাচ। রোববার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে তারা। এরপর বুধবার লড়বে বাংলাদেশের বিপক্ষে। শুক্রবার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে আগামী ২৮ সেপ্টেম্বর।