শ্রেয়াস আইয়ারের অবিশ্বাস্য ফিল্ডিংয়ে চোখধাঁধানো ক্যাচ
সীমানায় শ্রেয়াসের এমন ফিল্ডিং দেখে অবাক হয়ে যান রোহিত শার্মা, সুরিয়াকুমার ইয়াদাভরা।
পাশেই ডাগআউটে পাশাপাশি বসে ছিলেন রোহিত শার্মা ও সুরিয়াকুমার ইয়াদাভ। অবাক বিস্ময়ে তাকিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ দুই ক্রিকেটার, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না তারা। সরাসরি কিংবা টিভি পর্দায় শ্রেয়াস আইয়ারের অবিশ্বাস্য ফিল্ডিং প্রচেষ্টাটি যারা দেখছেন, তাদের অভিব্যক্তিও রোহিত আর সুরিয়াকুমারের মতোই হওয়ার কথা!
আইপিএলে বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের ১৮তম ওভারের ঘটনা এটি। ওয়াংখেড়েতে মার্কো ইয়ানসেনের ওভারের প্রথম বল লং অফ দিয়ে ছক্কায় ওড়ান হার্দিক পান্ডিয়া। পরের বল ব্যাটে লাগাতে পারেননি তিনি।
অফ স্টাম্পের বাইরের তৃতীয় বলটি বোলারের মাথার ওপর দিয়ে উড়িয়ে মারেন পান্ডিয়া। অনেক উঁচুতে উঠে যায় বল। লং অনে ফিল্ডিং করছিলেন শ্রেয়াস। কিছুটা বাঁ দিকে দৌড়ে এসে সীমানা দড়ির কাছাকাছি শরীরটা শূন্য ভাসিয়ে দুই হাতে বল মুঠোয় জমান তিনি। তখন তার শরীরের প্রায় পুরোটা সীমানার বাইরে, সেটা বুঝতে পেরে শূন্যে থাকা অবস্থায় বলটা এক হাতে মাঠের ভেতরে ওপরের দিকে ছুড়ে দেন পাঞ্জাব কিংস অধিনায়ক। কাছেই দাঁড়িয়ে থাকা জেভিয়ার বার্টলেট অনায়াসে মুঠোয় জমান বল।
তৃতীয় আম্পায়ার কয়েকবার রিপ্লে দেখে নিশ্চিত করেন ক্যাচ।
নিঃসন্দেহে আইপিএলের ইতিহাসে সেরা ক্যাচগুলোর একটি এটি। এই ক্যাচের জন্য স্কোরকার্ডে নাম থাকবে বার্টলেটের, কিন্তু পুরো কৃতিত্বই তো আসলে শ্রেয়াসের।
১২ বলে ১৪ রান করে আউট হয়ে যান পান্ডিয়া। কুইন্টন ডি ককের সেঞ্চুরি ও নামান ধীরের ফিফটিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৫ রানের পুঁজি গড়ে মুম্বাই।
