২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি-বিসিবি বৈঠকে বাংলাদেশের গ্রুপ বদলের সম্ভাব্যতা নিয়ে আলোচনা

সমাধান খুঁজে বের করতে দুই পক্ষ গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2026, 08:27 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

আইসিসির প্রতিনিধির সঙ্গে বিসিবির আলোচনায় পুরোনো ব্যাপারগুলিই উঠে এসেছে আবার। তবে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হলো, লজিস্টিকাল সমন্বয় ন্যূনতম রাখতে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। 

বিসিবির সঙ্গে আলোচনা করতে শনিবার ঢাকায় আসেন বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের অন্তবর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ। আইসিসির ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশন্স মহাব্যবস্থাপক গৌরাভ সাক্সেনারও আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ভিসা না পাওয়ায় তিনি আসতে পারেননি। তিনি আলোচনায় যোগ দেন অনলাইনে।

বিসিবির পক্ষে আলোচনায় ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, দুই সহ-সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন, বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদিন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আবারও আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ দল, সমর্থক, সংবাদকর্মী ও সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও ভাবনার কথাও তাদেরকে জানিয়েছে বিসিবি।

সব পক্ষই প্রাসঙ্গিক বিষয়গুলোতে খোলামেলা আলোচনা করেছেন এবং গঠনমূলক, আন্তরিক ও পেশাদারভাবে আলোচনা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিসিবি ও আইসিসি গঠনমুলক আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে বলে জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

কয়েক দিন আগে দুই পক্ষের ভিডিও কনফারেন্স শেষেও বলা হয়েছিল, সমাধান খুঁজে বের করতে আলোচনা চলমান থাকবে।

তবে সমাধান বের করার সময় কমে আসছে দ্রুতই। বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। সূচি অনুযায়ী, প্রথম দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের লড়াই। গ্রুপ পর্বে বাংলাদেশের আরও দুটি ম্যাচ কলকতায়, একটি মুম্বাইয়ে। তবে ভারতে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্তের কথা আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি এবং নিজেদের সিদ্ধান্তে তারা অটল আছে এখনও পর্যন্ত।