মার্শের কাছে দুঃখ প্রকাশ স্টার্কের
অধিনায়ককে অবসরের সিদ্ধান্তের কথা জানাতেই ভুলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই পেসার।
বিশ্বকাপ যখন কড়া নাড়ছে দুয়ারে, হুট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মিচেল স্টার্কের অবসরের ঘোষণা অবাক করে অনেককেই। তবে সবচেয়ে বেশি চমক হয়েছে আসে বোধহয় মিচেল মার্শের জন্য। এই সংস্করণে অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়েও যে কিছুই আঁচ করতে পারেননি তিনি! স্টার্ক বললেন, মার্শকে জানাতেই মনে ছিল না তার।
আগামী বছরে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা ভাবনায় রেখে গত মঙ্গলবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন স্টার্ক। অস্ট্রেলিয়ার সফলতম পেসার হিসেবে এই সংস্করণে পথচলার ইতি টানলেন তিনি।
অস্ট্রেলিয়া হয়ে ৬৫ টি-টোয়েন্টিতে স্টার্কের উইকেট ৭৯টি। দেশটির জার্সিতে এই সংস্করণে তার চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন কেবল লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা, ১৩০ উইকেট।
আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের আসরে দলটিকে নেতৃত্বে দেবেন মার্শ। বৈশ্বিক আসরের জন্য স্বাভাবিকভাবেই তার ভাবনায় থাকার কথা অভিজ্ঞ গতিময় পেসার স্টার্কের। কিন্তু টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের জন্য শরীরকে ফিট রাখতে যে এই সংস্করণই ছেড়ে দিয়েছেন স্টার্ক।
অবসরের সিদ্ধান্তের কথা কেবল কোচ অ্যান্ড্রু ম্যাকডোলান্ড এবং দীর্ঘ দিনের দুই সতীর্থ পেসার প্যাট কামিন্স ও জশ হেইজেলউডকে জানিয়েছিলেন স্টার্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে জানতে পারেন মার্শ।
ক্রিকেট অস্ট্রেলিয়াকে স্টার্ক বলেন, অন্য মাধ্যমে মার্শ বিষয়টি জানাতে পারায় বেশ বিব্রত হয়েছিলেন তিনি। তাই সতীর্থের কাছে দুঃখ প্রকাশ করলেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী স্টার্ক।
“আমার সম্ভবত মিচিকে (মিচেল মার্শ) ফোন করা উচিত ছিল। সে আমাকে ম্যাসেজ দিয়েছে এবং বলেছে সে ইনস্টাগ্রামের মাধ্যমে আমার অবসরের কথা জানতে পেরেছে। এটার জন্য আমার খারাপ লেগেছে-আমি অধিনায়ককে জানাইনি। দুঃখিত, মিচি।”
“আমি তাদেরকে (কোচ ও দুই সতীর্থ) জানিয়েছিলাম, এনিয়ে কিছু জিজ্ঞেস করিনি। রনির (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) সঙ্গে কথা বলেছিলাম, এরপর ওই দুইজনকে (কামিন্স ও হেইজেলউড) বলেছি যে, অবসর নিচ্ছি। হ্যাঁ, প্রায় এমন কিছুই ঘটেছিল।”
