২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৬২ রানের ম্যাচে রোহিত ও কোহলির চোট শঙ্কা

আইপিএলের বহুল প্রতীক্ষিত ম্যাচটি এই দুজনের কেউই স্বস্তিতে শেষ করতে পারেননি।

৪৬২ রানের ম্যাচে রোহিত ও কোহলির চোট শঙ্কা
রোহিত শার্মা (বাঁয়ে) ও ভিরাট কোহলি। ছবি: স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 01:17 AM

Updated : 26 Aug 2026, 03:24 PM

লড়াইটা শুধু মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ছিল না, লড়াইটা ছিল ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা রোহিত শার্মা ও ভিরাট কোহলিরও। যদিও আইপিএলের বহুল প্রতীক্ষিত ম্যাচটি দুজনের কেউই স্বস্তিতে শেষ করতে পারেননি, চোট শঙ্কায় পড়েছেন দুজনই।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার ৪৬২ রানের টি-টোয়েন্টি ম্যাচটি ১৮ রানে জিতেছে বেঙ্গালুরু। শিরোপাধারীদের ২৪০ রানের জবাবে মুম্বাই করেছে ২২২।

বেঙ্গালুরুর হয়ে পাঁচ চার ও এক ছক্কায় ৩৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন কোহলি। তবে মুম্বাইয়ের ব্যাটিংয়ের সময় মাঠে নামেননি ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। প্রথমে ড্রেসিং রুমে, পরে ডাগআউটে বসে থাকতে দেখা যায় তাকে। তার জায়গায় ফিল্ডিং করেন জ্যাকব বেথেল। ধারাভাষ্যে সাইমন ডুল জানান, অ্যাঙ্কেলের সমস্যার কারণে মাঠের বাইরে আছেন কোহলি।

ম্যাচ শেষে কোহলির চোট নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি বেঙ্গালুরুর অধিনায়ক রাজাত পাতিদার।

“আমি এখনও জানি না, তবে আমার মনে হয়, তিনি এখন ঠিক আছেন।”

মুম্বাইয়ের হয়ে ইনিংস শুরু করতে নেমে পঞ্চম ওভারের মাঝে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগতে দেখা যায় রোহিতকে। ফিজিওর শুশ্রূষা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু আর একটি বল খেলেই পরের ওভারে তিনি মাঠ ছেড়ে যান। তখন ১৩ বলে ১৯ রানে ব্যাট করছিলেন ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান।

রোহিত ও কোহলির চোটের ব্যাপারে তাদের নিজ নিজ দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

বেঙ্গালুরুর পরের ম্যাচ আগামী বুধবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। পরদিন পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুম্বাই। 

কোহলি সবশেষ আইপিএলের কোনো ম্যাচে খেলতে পারেননি ২০১৭ সালে, কাঁধের চোটে বাইরে ছিলেন তিনি।