১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘরের মাঠকে ‘দুর্গ’ বানাতে চান উইন্ডিজ অধিনায়ক

ক্যারিবীয় অঞ্চলে গিয়ে যেকোনো সফরকারী দলের জন্যই যেন ওয়েস্ট ইন্ডিজকে হারানো ভীষণ কঠিন হয়, নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে চান রোস্টন চেইস।

ঘরের মাঠকে ‘দুর্গ’ বানাতে চান উইন্ডিজ অধিনায়ক
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল। ছবি: উইন্ডিজ ক্রিকেট ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 08:29 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

টেস্ট ক্রিকেটে গত বছরটা ভীষণ বাজে কাটে ওয়েস্ট ইন্ডিজের; নিজেদের মাঠ হোক কিংবা প্রতিপক্ষের, সবখানেই পায় হারের তেতো স্বাদ। তবে চলতি বছরের চিত্রটা ভিন্ন। এখন পর্যন্ত নিজ আঙিনায় কোনো টেস্ট হারেনি দলটি। ঘরের মাঠকে দুর্গ বানিয়ে সামনেও এই ধারা বজায় রাখতে চান ক্যারিবিয়ান অধিনায়ক রোস্টন চেইস।

২০২৫ সালে ১০টি টেস্ট খেলে ওয়েস্ট ইন্ডিজ। এর আটটিতেই হারে তারা। একমাত্র জয়টি আসে মুলতানে, পাকিস্তানের বিপক্ষে। আর ক্রাইস্টচার্চে তারা ড্র করে নিউ জিল্যান্ডের সঙ্গে।

গত বছর ঘরের মাঠে তিনটি টেস্ট খেলে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই তিন ম্যাচের কোনোটিতেই তেমন লড়াই করতে পারেনি স্বাগতিকরা। এবার অবশ্য ঘরের মাঠে দারুণ খেলছে তারা। এখন পর্যন্ত তিন টেস্টের দুটিতে জিতেছে, ড্র করেছে অন্যটি।

২০২৬ সালে ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট খেলে গত জুনে, শ্রীলঙ্কার বিপক্ষে। অ্যান্টিগার ওই ম্যাচে লঙ্কানদের ইনিংস ও ২১৭ রানে হারায় চেইসের দল। একই মাঠে পরের ম্যাচে হয় ড্র। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে ক্যারিবিয়ানরা।

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও এগিয়ে আছে তারা। ত্রিনিদাদে প্রথম টেস্ট ৯০ রানে জিতেছে দলটি। পোর্ট অব স্পেনে রোববার শুরু দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।

অধিনায়কের চাওয়া পূরণ হলে, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও উন্নতি হবে ওয়েস্ট ইন্ডিজের। যদিও ফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে দলটি। তবে পাকিস্তানকে পরের টেস্ট হারাতে পারলে ইংল্যান্ডকে টপকে সপ্তম স্থানে উঠবে তারা।

ম্যাচের আগের দিন চেইস বললেন, উন্নতি ধারায় আরও সামনে এগিয়ে যেতে চান তারা।

“গত বছরের অমন পারফরম্যান্সের (একটি করে জয় ও ড্র এবং আটটি হার) পর, আমরা পরিকল্পনা করতে বসি এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমরা এই জায়গায় পৌঁছাতে চাই। আর যেমনটা বলেছি, আমরা এখন ঠিক সেই জায়গাতেই আছি। আরও এগোতে চাই।

“(পাকিস্তানের বিপক্ষে) দ্বিতীয় টেস্টে কোনো কিছুই সহজভাবে নিচ্ছি না। সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই, যেগুলো নিয়ে আলোচনা করেছি আমরা। নিজেদের সর্বোচ্চ সামর্থ্যের বাস্তবায়ন করতে চাই। আমাদের লক্ষ্য দ্বিতীয় জয়।”

চেনা কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে, প্রতিপক্ষের জন্য ক্যারিবিয়ায় টেস্ট জেতাকে সবচেয়ে কঠিন কাজে পরিণত করাই এখন চেইসের লক্ষ্য।  

“ঘরের মাঠে এখন পর্যন্ত যে ফল পেয়েছি, তাতে আমরা খুবই খুশি। তবে আমি চাই, ঘরের মাঠকে দুর্গে পরিণত করতে- যেন যেকোনো দলের জন্যই ক্যারিবীয় অঞ্চলে এসে আমাদের হারানো ভীষণ কঠিন হয়। কারণ এই কন্ডিশন আমাদের, প্রতিপক্ষের চেয়ে এই কন্ডিশন আমরা খুব ভালোভাবে চিনি।

“তাই ঘরের মাঠের সুবিধাটা পুরোপুরি কাজে লাগাতে চাই। এখন পর্যন্ত, সৌভাগ্যবশত আমরা সেটা ভালোভাবেই করতে পেরেছি। তাই যেমন বলেছি, আশা করি, এই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় টেস্টেও জয় তুলে নিতে পারব।”