১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অল্পতেই পার পেলেন স্টোকস ও অ্যাটকিনসন

তুমুল আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত তেমন কোনো শাস্তি পেলেন না ইংল্যান্ডের দুই ক্রিকেটার।

অল্পতেই পার পেলেন স্টোকস ও অ্যাটকিনসন
অ্যাটকিনসন ও স্টোকস এখন খুশি হতেই পারেন! ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 05:02 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

গর্জন অনেক হলেও বর্ষণ হলো সামান্যই। নাইটক্লাব কাণ্ডে কেমন কোনো শাস্তিই পেলেন না বেন স্টোকস ও গাস অ্যাটকিনসন। ভবিষ্যৎ আচরণের বিষয়ে স্রেফ লিখিত সতর্কবার্তা দেওয়া হয়েছে দুজনকেই। নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের স্কোয়াডেও রাখা হয়ে তাদেরকে। স্টোকস ফিরেছেন অধিনায়ক হয়েই।

ওভাল টেস্টে নিউ জিল্যান্ডের কাছে হারের পরই সংবাদ সম্মেলনে ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছিলেন, পরের টেস্টের স্কোয়াডে ফিরছেন স্টোকস। পরে দল ঘোষণায় তা নিশ্চিত হয়।

লর্ডসে প্রথম টেস্টে জয়ের পর দলীয় প্রোটোকল ভাঙার কারণে ওভাল টেস্টের দলে বিবেচনা করা হয়নি স্টোকস ও অ্যাটকিনসনকে। তবে ঘটনার তদন্ত শেষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, নাইটক্লাবের সেই ঘটনায় স্টোকস ‘জড়িত ছিলেন না’ এবং ‘ঘটনার প্রত্যক্ষদর্শীও ছিলেন না, যে ঘটনায় ইংল্যান্ডের একজন নিরাপত্তা সমন্বয়কারীকে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়েছিল। এছাড়া তদন্তে উঠে এসেছে, অ্যাটকিনসন ‘অপ্ররোচিত আক্রমণের শিকার হয়েছিলেন এবং কোনো পাল্টা আক্রমণ করেননি।’ 

ইসিবি বিবৃতিতে জানায়, দুই ক্রিকেটারের কারোরই জবাবদিহি করার মতো কোনো কারণ নেই।

“স্টোকস এবং অ্যাটকিনসনকে নির্দিষ্ট চুক্তিগত বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই বাধ্যবাধকতা অনুযায়ী ইংল্যান্ডের খেলোয়াড়দের সর্বদা সর্বোচ্চ মানের আচরণবিধি মেনে চলতে এবং ইংল্যান্ড ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে কাজ করতে হয়। সেজন্য দ্বিতীয় টেস্টের জন্য দলে বিবেচিত না হওয়ার পাশাপাশি, তাদের আচরণের বিষয়ে উভয়কেই লিখিতভাবে সতর্ক করা হয়েছে।”

“এছাড়াও এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে, নাইটক্লাবের সহিংস আচরণের জন্য ক্রিকেটারদের ওপর কোনো দোষ চাপানো যায় না। স্টোকস সেই বিবাদে জড়িত ছিলেন না এবং কোনো ঘটনারই প্রত্যক্ষদর্শী ছিলেন না। ইসিবি যে প্রমাণ দেখেছে, তা থেকে এটাই প্রতীয়মান হয় যে অ্যাটকিনসন অপ্ররোচিত আক্রমণের শিকার হয়েছিলেন এবং কোনো ক্ষেত্রেই পাল্টা আক্রমণ করেননি।”

তদন্তের আগ পর্যন্ত মনে হচ্ছিল, বড় বিপদেই পড়তে পারেন দুই ক্রিকেটার। দক্ষিণ-পশ্চিম লন্ডনের পার্সন্স গ্রিনের হোয়াইট হর্স পাবে জয় উদযাপন করছিলেন ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার। ইংল্যান্ডের বেশ কয়েকজন আন্তর্জাতিক রাগবি খেলোয়াড়ও সেখানে উপস্থিত ছিলেন। তবে, কয়েক ঘণ্টা পর রেক্স রুমসে একটি বচসার ঘটনা ঘটে। ‘চেলসির নটিয়েস্ট নাইটক্লাব’ হিসেবে এই ক্লাবটির পরিচিতি আছে। 

ব্রিটিশ সংবাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় রাগবি খেলোয়াড় টোটোয়া ওভা, স্টোকস এবং অ্যাটকিনসন জড়িত ছিলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে অ্যাটকিনসনকে ঘুষি মারতে মারার চেষ্টা করেন ওভা। কিন্তু ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার ও ১২৫ কেজি ওজনের রাগবি খেলোয়াড়ের ঘুষিটি গিয়ে লাগে দুই ক্রিকেটারের সঙ্গে থাকা ইসিবির এক নিরাপত্তা কর্মীর গায়ে। সেখান থেকেই হাতাহাতির সূত্রপাত হয়। 

সংবাদ মাধ্যমেই উঠে এসেছিল, ভিআইপি এরিয়ায় টেবিল নিয়ে বিবাদের জেরেই এই বচসার সূত্রপাত হয়। তবে স্টোকস বা অ্যাটকিনসনের কেউই এই সংঘর্ষের সূত্রপাত করেননি।

তবে ওই ঘটনার পর ইসিবি ব্যাপারটি যেভাবে সামলেছে, তাতে বিরক্ত হয়ে স্টোকস অবসর নিয়ে ফেলতে পারেন বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে এমনও খবর প্রকাশিত হয়েছিল যে, অনির্দিষ্টকালের জন্য খেলা থেকে বিরতি নেবেন। তবে শেষ পর্যন্ত অবশ্য সেই অবস্থান থেকে তিনি সরে আসেন।

আপাতত সবকিছুর এখন সমাপ্তি।

স্টোকস ও অ্যাটকিনসন ফেরায় দল থেকে বাদ পড়েছেন সনি বেকার, জেমস রু ও হেনরি ক্রকোম্ব। ওভালে টেস্ট অভিষেকে দুই ইনিংস মিলিয়ে ১৬৩ রানে ৩ উইকেট নিয়েছেন পেসার বেকার। কিপার-ব্যাটার রু দুই ইনিংসে রা করেন ২৪ ও ১৫।

ওভালে অভিষেকে ২৭ ও ২৫ রান করলেও টিকে গেছেন জর্ডান কক্স। বিকল্প ব্যাটার ও বাড়তি কিপার হিসেবে দলে থাকবেন তিনি।

সিরিজের প্রথম টেস্টে ১১৫ রানে জয়ী ইংলিশরা দ্বিতীয় টেস্টে হেরেছে ২৫৩ রানে। সিরিজ নির্ধারণী টেস্ট ট্রেন্ট ব্রিজে শুরু বৃহস্পতিবার।

তৃতীয় টেস্টের ইংল্যান্ড দল: 

বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, অলি রবিনসন, জো রুট, জেমি স্মিথ, জশ টাং।