আবার ২ দিনে টেস্ট শেষ, ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্ষতি কত
পার্থের পর মেলবোর্ন টেস্টও শেষ হয়েছে দুই দিনে, বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন ক্রিকেট অস্ট্রেলিয়া।
চলতি অ্যাশেজের আরও একটি টেস্ট দুই দিনে শেষ হওয়ায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের খবর, বক্সিং ডে টেস্ট তাড়াতাড়ি শেষ হওয়ায় এক কোটি ডলার রাজস্ব হারাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সিরিজের চতুর্থ টেস্টে শনিবার ৪ উইকেটের জয় পায় প্রথম তিনটি ম্যাচে হারা ইংল্যান্ড। প্রথম দিন ২০টিসহ দুই দিনে পতন হয় মোট ৩৬ উইকেট।
প্রথম দিন দর্শক উপস্থিতি ছিল ৯৪ হাজার ১৯৯, এমসিজিতে কোনো ক্রিকেট ম্যাচে একদিনে যা সর্বোচ্চ। দ্বিতীয় দিন ৯২ হাজারের বেশি দর্শক গ্যালারিতে বসে উপভোগ করেছে খেলা।
তৃতীয় ও চতুর্থ দিনের টিকেটও বিক্রি হয়ে গিয়েছিল আগেই। এসব টিকেটের অর্থ এখন ফেরত দিতে হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।
পার্থে সিরিজের প্রথম টেস্ট দুই দিনে শেষ হওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্ষতি হয়েছিল ৩০ লাখ ডলার। পার্থ স্টেডিয়ামের তুলনায় এমসিজির দর্শক ধারণক্ষমতা অনেক বেশি হওয়ায় এখানে ক্ষতির পরিমাণও বেশি।
এমসিজিতে দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এসইএন রেডিওকে বলেন, প্রথম দিন ২০ উইকেট পতনের পর রাতে ঠিকমতো ঘুমাতে পারেননি তিনি। তার সরল স্বীকারোক্তি, ছোট টেস্ট ব্যবসার জন্য ভালো নয়।
“একজন ভক্ত হিসেবে টেস্ট ক্রিকেট যেমন মনোমুগ্ধকর, আকর্ষণীয় ও উপভোগ্য, তেমনি আমরা অবশ্যই চাই টেস্ট ম্যাচ যেন দীর্ঘ সময় ধরে চলে। স্পষ্ট করে বললে, ছোট টেস্ট ম্যাচ ব্যবসার জন্য খারাপ। এর চেয়ে বেশি স্পষ্ট করে বলতে পারব না। তাই ব্যাট ও বলের বেশি বেশি ভারসাম্য দেখতে চাই আমি।”
এমসিজির উইকেটে ১০ মিলিমিটার ঘাস রেখে দিয়েছিলেন এখানকার কিউরেটর ম্যাট পেজ। পেসারদের জন্য ছিল যথেষ্ট সিম মুভমেন্ট। বাউন্স তো ছিলই। ব্যাটসম্যানদের কাজ ছিল কঠিন। প্রথম দিনের খেলার পরই উইকেটের তীব্র সমালোচনা করেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ইঙ্গিত দিলেন, ভবিষ্যতে পিচ প্রস্তুত করার ক্ষেত্রে হস্তক্ষেপ করবে বোর্ড।
