৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

পিসিবির প্রতি ক্ষুব্ধ আইসিসি, পাইক্রফটের সঙ্গে বৈঠকের ভিডিও করায় আপত্তি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে অশোভন আচরণ এবং খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের নির্ধারিত এলাকায় একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 10:19 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ও পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের বৈঠকের ভিডিও ধারণ করায় পিসিবির প্রতি অসন্তোষ প্রকাশ করেছে আইসিসি। পিসিবির বিরুদ্ধে অশোভন আচরণ এবং খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের নির্ধারিত এলাকার (পিএমওএ) একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম লঙ্ঘনের অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) কড়া ভাষায় ই–মেইল পাঠান আইসিসির প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা।

গত বুধবারের ম্যাচের আগে ওই বৈঠকে পাইক্রফট ছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা, প্রধান কোচ মাইক হেসন, টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা ও মিডিয়া ম্যানেজার নাঈম গিলানি। আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক ওয়াসিম খানও ছিলেন সেখানে।

গিলানি যখন ওই বৈঠকের ভিডিও করার চেষ্টা করেন, তখন তাকে বলা হয় যে দুর্নীতি-বিরোধী ধারা অনুযায়ী, পিএমওএতে মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি নেই। কিন্তু পিসিবি বৈঠকের ভিডিও ধারণ করার জন্য জোর দেয়, অন্যথায় আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ পাকিস্তান খেলবে না বলে হুমকি দেয় তারা। পরে গিলানিকে অডিও (শব্দ) ছাড়া ভিডিও ধারণ করার অনুমতি দেওয়া হয়।

আইসিসির প্রধান নির্বাহী তার ই-মেইলে এই ধরনের কর্মকাণ্ডকে অসদাচরণ বলে উল্লেখ করেন এবং লেখেন যে, পিএমওএ প্রোটোকলের একাধিক নিয়ম লঙ্ঘন করেছে পিসিবি।

যদিও শুক্রবার আইসিসিকে পাল্টা চিঠি দিয়ে পিসিবি দাবি করেছে, তারা কোনো নিয়ম লঙ্ঘন করেননি। 

“দলের মিডিয়া ম্যানেজার দলেরই একজন এবং তাকে পিএমওএতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সেখানে তার উপস্থিতি কোনো নিয়ম লঙ্ঘন নয়। আইসিসির প্রোটোকলে এমন বিধান রয়েছে, যা মিডিয়া ম্যানেজারদের ক্যামেরা ব্যবহারের অনুমতি দেয়। যদি প্রক্রিয়া অনুসরণ না করা হয়ে থাকে, তাহলে ম্যাচ রেফারিকে আইসিসির জিজ্ঞেস করা উচিত যে, তিনি আকুর (আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট) কর্মকর্তার কাছে বিষয়টি জানিয়েছেন কি না।”

ঘটনার সূত্রপাত এশিয়া কাপে গত রোববার ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়ে। সেদিন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয়রা। ওই ঘটনায় ম্যাচ রেফারি পাইক্রফটের সম্পৃক্ততার অভিযোগ তুলে তাকে অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানায় পিসিবি। তাদের অভিযোগ ছিল, টসের আগে অধিনায়ককে হাত না মেলানোর কথা বলেছিলেন ম্যাচ রেফারিই। তাকে না সরানোর জের ধরে এশিয়া কাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর গুঞ্জনও শোনা যায়।

আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের জন্য পাকিস্তানের ক্রিকেটাররা যথাসময়ে মাঠে না যাওয়ায় শঙ্কা জাগে ম্যাচটি নিয়ে। ম্যাচের শুরুর সময় পিছিয়ে দেওয়া হয় এক ঘণ্টা। তখনই হয় সেই বৈঠক। বৈঠকের কিছুক্ষণ পর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে পিসিবি লেখে, পাইক্রফট পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন। এখানেই আপত্তি আইসিসির। সাঞ্জোগ গুপ্তা পিসিবিকে পাঠানো ই-মেইলে উল্লেখ করেন, পাইক্রফট শুধু ভুল যোগাযোগের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। 

বৈঠকে পাইক্রফট পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে বলেন, সালমানের সঙ্গে সুরিয়াকুমার হাত মেলাবেন না এই নির্দেশনা পৌঁছে দেওয়ার শুধু বার্তাবাহক ছিলেন তিনি। এই নির্দেশনা তার নিজের ছিল না। টসের কয়েক মিনিট আগে তিনি দুবাইয়ের ভেন্যু ম্যানেজারের কাছ থেকে এই নির্দেশনা পেয়েছিলেন।

আইসিসি জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করছে।