১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্রিকেটকে বিদায় আইপিএলে তিন হ্যাটট্রিক করা বোলারের

সব ধরনের ক্রিকেটকে থেকে অবসর নিয়েছেন ভারতীয় লেগ স্পিনার।

ক্রিকেটকে বিদায় আইপিএলে তিন হ্যাটট্রিক করা বোলারের
ভারতীয় লেগ স্পিনার আমিত মিশ্রা। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 04:09 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

বয়স ৪৩ ছুঁইছুঁই। জাতীয় দলে সুযোগ হয় না আট বছর ধরে। পেশাদার ক্রিকেটে সবশেষ খেলার অভিজ্ঞতাও এক বছরের বেশি সময় আগের। সব মিলিয়ে খেলোয়াড়ি জীবনের শেষ দেখে ফেললেন আমিত মিশ্রা। সব ধরনের ক্রিকেটকে তাই বিদায় বলে দিলেন ভারতীয় এই লেগ স্পিনার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার ২৫ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন আমিত।

“আজ, ২৫ বছর পর, আমি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি- এই খেলা আমার প্রথম ভালোবাসা, আমার শিক্ষক ও আমার আনন্দের সবচেয়ে বড় উৎস। অসংখ্য আবেগ, গর্ব, কঠিন সময়, শিক্ষা ও ভালোবাসার মুহূর্ত দিয়ে পরিপূর্ণ আমার এই যাত্রা।”

২০২৪ সালে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলা আইপিএল ম্যাচটি হয়ে রইল পেশাদার ক্রিকেটে আমিতের শেষ ম্যাচ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের একটি অনন্য রেকর্ড নামের পাশে নিয়ে বিদায় বললেন এই ক্রিকেটার। এই প্রতিযোগিতায় তিনবার (২০০৮, ২০১১ ও ২০১৩ সালে) হ্যাটট্রিকের স্বাদ পাওয়া এখন পর্যন্ত একমাত্র বোলার তিনি।

আইপিএলে চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে সব মিলিয়ে ১৬২ ম্যাচ খেলে ১৭৪ উইকেট নিয়েছেন আমিত। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি আছেন অষ্টম স্থানে।

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আমিত। এই সংস্করণে সবশেষ মাঠে নামেন তিনি ২০১৬ সালে। ৩৬ ওয়ানডে খেলে তার প্রাপ্তি ৬৪ উইকেট। দুইবার পেয়েছেন পাঁচটি ও চারটি করে উইকেট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালিতে ২০০৮ সালে টেস্ট অভিষেকে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন আমিত। কিন্তু বল হাতে ধারাবাহিক হতে পারেননি তিনি। ২২ টেস্টের ক্যারিয়ারে ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন ওই একবারই। চার উইকেটের স্বাদ পান দুইবার। সব মিলিয়ে দেশের হয়ে সাদা পোশাকে তার নামের পাশে উইকেট ৭৬টি।

ভারতের জার্সিতে আমিতের সবশেষ ম্যাচ ২০১৭ সালে, টি-টোয়েন্টিতে। এই সংস্করণে দেশকে ১০ ম্যাচে প্রতিনিধিত্ব করে ১৬ উইকেট নিয়েছেন তিনি।

২০০০-০১ মৌসুমে হারিয়ানার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে পেশাদার আঙিনায় পথচলা শুরু আমিতের। এই সংস্করণে ১৫২ ম্যাচ খেলে ৫৩৫ শিকার ধরেন তিনি। ২১ বার পান ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ।

লিস্ট ‘এ’ ম্যাচও তিনি খেলেছেন ১৫২টি। ২০০১-০২ মৌসুমে পা রাখা এই সংস্করণে উইকেট নেন ২৫২টি। পাঁচ উইকেট পান ৬ বার, চার উইকেট ৭ বার। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৫৯ ম্যাচ খেলে তার প্রাপ্তি ২৮৫ উইকেট, দুইবার পান পাঁচ উইকেটের স্বাদ।

দীর্ঘ ক্যারিয়ারে কেবল প্রথম শ্রেণিতে এক হাজার রান স্পর্শ করতে পারেন আমিত। এই সংস্করণে তার নামের পাশে রান ৪ হাজার ১৭৬। একবারই পেয়েছিলেন সেঞ্চুরির স্বাদ, ওই ইনিংসটিকে রূপ দিয়েছিলেন দ্বিশতকে, ২০২১ সালের রাঞ্জি ট্রফিতে কার্নাটাকার বিপক্ষে খেলেছিলেন ২০২ রানের অপরাজিত ইনিংস।