২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের শততম টেস্টে বিসিবির যত আয়োজন

মুশফিকুর রহিমের শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে নানা পরিকল্পনা সাজিয়েছে বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 08:48 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

অর্জনটি মুশফিকুর রহিমের। তবে প্রাপ্তি তো বাংলাদেশ ক্রিকেটেরও। উপলক্ষটি তাই সামগ্রিক উদযাপনের। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার সেঞ্চুরি পূরণ করার কীর্তিকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনের পরিকল্পনা সাজিয়েছে বিসিবি। 

বোর্ড কর্তারা আগেই নানা সময়ে বলেছিলেন, মুশফিকের শততম টেস্টে বিভিন্ন আয়োজন তারা রাখবেন। সেগুলো নিয়ে কৌতূহলের কমতিও ছিল না। টেস্টের আগের দিন পরিকল্পনার বিস্তারিত জানিয়েছে বিসিবি।

টসের পর ও খেলা শুরুর আগে আনুষ্ঠানিকতার এই পর্বগুলো হবে। সকাল ৯টা ১৬ মিনিটে বাংলাদেশ দল মাঠে প্রবেশ করে সমবেতভাবে লাইনে দাঁড়াবে। ৯টা ১৭ মিনিটে বিশেষ টেস্ট ক্যাপ উপস্থাপন করবেন হাবিবুল বাশার, যিনি ২০ বছর আগে লর্ডসে মুশফিককে প্রথম টেস্ট ক্যাপ দিয়েছিলেন। 

৯টা ১৯ মিনিটে মুশফিকের হাতে বাক্সে সাজানো বিশেষ একটি ক্যাপ তুলে দেবেন আকরাম খান, যিনি বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার। অভিষেক টেস্ট খেলা ১১ জনের মধ্যে বর্ণানুক্রমে সবার আগে থাকায় দেশের এক নম্বর টেস্ট ক্রিকেটার তিনিই।

এরপরই মুশফিককে বিশেষ স্মারক উপহার দেবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। 

সতীর্থদের স্বাক্ষরিত ফ্রেমবন্দি একটি জার্সি মুশফিকের হাতে তুলে দেবেন তার প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার এবং শততম টেস্টের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৯টা ২২ মিনিটে বক্তব্য রাখবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এরপর নিজের অনুভূতি জানাবেন মুশফিক।

এরপর দলীয় ছবি তোলার পর্ব দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। 

মুশফিকের এই বিশেষ মুহূর্তে উপস্থিত থাকবেন তার বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। গ্যালারিতে থাকার কথা তার ভক্ত-সমর্থক গ্রুপের একটি অংশেরও।  

শততম টেস্টের আগে গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের বর্তমান-সাবেক ক্রিকেটারদের অনেকেই। 

মুশফিকের শততম টেস্‌ট স্কুল ও কলেজ শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিনা টিকেটে খেলা দেখার ব্যবস্থা করেছে বিসিবি। তাদেরকে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রবেশ করতে হবে ৫ নম্বর গেট দিয়ে। শহীদ মুশতাক স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন তারা। মাঠে বিনামূল্যে পানি পানের ব্যবস্থা থাকবে।