২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তর কাঠগড়ায় এবার ‘মাঝের ওভারের ব্যাটিং’

ভালো শুরু করেও মিডল অর্ডার থেকে সমর্থন না পাওয়াকে নিউ জিল্যান্ডের বিপক্ষে হারের বড় কারণ বললেন নাজমুল হোসেন শান্ত।

শান্তর কাঠগড়ায় এবার ‘মাঝের ওভারের ব্যাটিং’
আউট হয়ে ফিরছেন হৃদয়, হতাশায় তাকিয়ে শান্ত। ছবি: রয়টার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 11:39 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

ম্যাচের আগের দিন প্রধান কোচ ফিল সিমন্স বলে দিলেন, রাওয়ালপিন্ডিতে হবে বড় রানের ম্যাচ। টসের সময় দুই অধিনায়কের কন্ঠেও উচ্চারিত হলো একই ধরনের কথা। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুতেও ছিল বড় কিছুর বার্তা। কিন্তু এরপর ছন্দপতন। শুরুর তাল হারিয়ে আরও একবার অল্প রানে গুটিয়ে গেল বাংলাদেশ।

সবশেষ পাঁচ ম্যাচে প্রথম ইনিংসে গড়ে ২৭৮ রান হওয়া মাঠে নাজমুল হোসেন শান্তর দল করতে পারে ২৩৬ রান। ম্যাচ কার্যত তখনই শেষ। তবু নতুন বলে পেসারদের সৌজন্যে কিছুটা আশা জাগায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত পারেনি তারা। পরপর দুই ম্যাচে বাজে ব্যাটিংয়ে হারের পর এ দিন মাঝের ওভারের ব্যাটিংকে দায় দিলেন বাংলাদেশ অধিনায়ক।

দুবাইয়ে ভারতের বিপক্ষে শুরুতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং। মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকেই গিয়েছিল তারা। তিন দিনের ব্যবধানে সোমবার নিউ জিল্যান্ডের বিপক্ষে শুরুর ব্যর্থতা কাটিয়ে ওঠে বাংলাদেশ। তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে পাওয়ার প্লেতে পায় ৫৮ রান।

শুরুর ওই দশ ওভারের পর থেকে শুরু হয় পেছন পানে হাঁটা।২৪ বলে ২৪ রান করা তানজিদের বিদায়ের পর আর কেউই ক্রিজে টিকতে পারেননি। তিন নম্বরে প্রমোশন পেয়ে ইতিবাচক শুরু করলেও অল্পেই ফেরেন মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় এ দিন রানের জন্য হাঁসফাঁস করতে করতে ছুড়ে আসেন উইকেট।

সবচেয়ে বেশি হতাশ করেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। দ্রুত ২ উইকেট হারানোর পর দলের প্রয়োজন ছিল বড় একটি জুটি। সেই কাজের জন্য সবচেয়ে যোগ্য হতে পারতেন মুশফিকই। কিন্তু স্লগ সুইপে ছক্কা মারার চেষ্টায় নিজের উইকেট দিয়ে আসেন কিপার-ব্যাটসম্যান।

তিন ওভার পর মাহমুদউল্লাহর আউটের ব্যাখ্যা খুঁজে পাওয়া তো আরও কঠিন। শুরু থেকে দারুণ বোলিং করতে থাকা মাইকেল ব্রেসওয়েলের বলে তেড়েফুঁড়ে মারতে গিয়ে উল্টো ব্যাটের কানায় লেগে থার্ড ম্যানে ক্যাচ দেন তিনি। 

শট দেখে যে কেউ ভাবতে পারে, হয়তো শেষ ওভারের খেলা চলছিল তখন। অথচ তখন মাত্র ২৭তম ওভারে ছিল বাংলাদেশ।

মিডল অর্ডারের এমন ব্যর্থতায় দ্বিতীয় পাওয়ার প্লে অর্থাৎ মাঝের ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৪ রান করতে পারে বাংলাদেশ। লড়িয়ে ইনিংসে শান্তর ১১০ বলে ৭৭ ও পরে জাকের আলি ৪৫ আর রিশাদ হোসেনের ২৬ রানে কোনোমতে ২৩৬ রানে পৌঁছায় বাংলাদেশ। 

এই মাঠে আগের দুই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৮৮ ও ৩৩৬ রান করেও জিততে পারেনি নিউ জিল্যান্ড। তাই ২৩৬ রান যে তেমন বড় কিছু নয়, তা বুঝতে বাকি ছিল না তাদের। তাই শুরুতে দুই উইকেট হারালেও রাচিন রাভিন্দ্রার সেঞ্চুরি ও টম ল্যাথামের ফিফটিতে সহজ জয়ই পায় কিউইরা।

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ভারতের কাছে হারের পর শুরুর ব্যাটিং ব্যর্থতাকে দায় দিয়েছিলেন শান্ত। পরের ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পর এবার মাঝের ব্যাটিংকে কাঠগড়ায় তুললেন বাংলাদেশ অধিনায়ক।   

“আমরা খুব ভালো শুরু করেছিলাম। প্রথম ৮-৯ ওভার ভালো ব্যাটিং করেছি। কিন্তু মাঝের ওভারগুলোতে আমরা অনেক উইকেট হারিয়েছি। এরকম একটি উইকেটে আমরা যথাযথ ব্যাটিং করতে পারিনি। এই একটি জিনিস আজকে আমরা ভালো করতে পারিনি।”

“অবশ্যই (মিডল অর্ডারের ব্যর্থতা বড় কারণ)। ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেট ছিল। শুধু দুটি বড় জুটি প্রয়োজন ছিল। কিন্তু আমরা যেভাবে ব্যাটিং করেছি, হতাশাজনক। বিশেষ করে প্রথম দশ ওভারের পর আমাদের আরও এগিয়ে যাওয়া উচিত ছিল।”

ম্যাচে বাংলাদেশের পরিবর্তন ছিল দুটি। সৌম্য সরকারের জায়গায় ফেরেন মাহমুদউল্লাহ। আর তানজিম সাকিবের বদলি হিসেবে আসেন নাহিদ রানা। ব্যাটিংয়ে হতাশার পর একটি ক্যাচ ছেড়ে দলে ফেরাকে আরও প্রশ্নবিদ্ধ করেন মাহমুদউল্লাহ। 

তবে শুরুর দারুণ বোলিংয়ে নাহিদ কিছুটা আশার সঞ্চার করেন দলে। তার দ্বিতীয় ওভারে কট বিহাইন্ড হয়ে ফেরেন কেন উইলিয়ামসন। সব মিলিয়ে ৯ ওভারে ৪৩ রান খরচ তার। 

নাহিদের পাশাপাশি বোলিং বিভাগের প্রশংসা করে ব্যাটিং বিভাগের উন্নতির তাগিদ দেন শান্ত।

“সে (নাহিদ রানা) দুর্দান্ত। তার বোলিংয়ে আমি খুশি। গত কয়েক বছরে বোলিং বিভাগ খুব ভালো করেছে। তবে যেটা বললাম, ব্যাটিং বিভাগ হিসেবে আমাদের অনেক উন্নতি করতে হবে।”

বাংলাদেশের পরাজয়ে 'এ' গ্রুপ থেকে পাকিস্তানেরও বিদায় নিশ্চিত হয়েছে। রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। সব হারিয়ে ইতিবাচক শেষ করার আশা বাংলাদেশ অধিনায়কের।

“অবশ্যই আমি মনে করি সেটি (পাকিস্তান) গুরুত্বপূর্ণ ম্যাচ। যদি ভালোভাবে শেষ করতে পারি তাহলে সেটি অনেক আত্মবিশ্বাস দেবে। তবে ব্যাটিং ও ফিল্ডিং বিভাগে আমাদের অনেক উন্নতি প্রয়োজন। আশা করি, পরের ম্যাচে ব্যাটিং-ফিল্ডিং আরও ভালো হবে।”