২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রোক করেছেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল, আনা হয়েছে ঢাকায়

দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের বড় ভাই নাফিস।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 05:28 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

স্ট্রোক করেছেন সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল। 

শুক্রবার ভোরে বন্দর নগরীতে নিজের বাসায় অসুস্থ হলে সেখানে পরীক্ষায় স্ট্রোকের বিষয়টি নিশ্চিত হলে তাকে ঢাকায় পাঠানো হয়।  

নাফিসের নিকটাত্মীয় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কয়েক দিন ধরে মাথা ব্যথার জন্য চিকিৎসাধীন ছিলেন নাফিস ইকবাল। ভোর চারটার দিকে তিনি অসুস্থবোধ করায় সাথে সাথে তাকে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

“সেখানে চিকিৎসকরা সিটি স্ক্যান করে তার ব্রেইন স্ট্রোকের বিষয়টি জানান।”

ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আলমগীর বলেন, “দুপুরে উন্নত চিকিৎসার জন্য নাফিসকে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।”

বাংলাদেশ স্পেশাইজড হাসপাতালে তাকে ভর্তি করানো হবে বলে জানান তিনি।

৩৯ বছর বয়সী নাফিস জাতীয় দলের হয়ে খেলেছেন ১১ টেস্ট ও ১৬ ওয়ানডে ম্যাচ। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের পথে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন সেই সময়ের তরুণ ওপেনার। একই বছর কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো ওয়ানডেতেও ছিলেন তিনি। 

বগুড়ায় ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন নাফিস। মূলত চোটের কারণে দীর্ঘায়িত হয়নি তার আন্তর্জাতিক অধ্যায়। ২০১৮ পর্যন্ত দেশের ঘরোয়া ক্রিকেটে খেলেন তিনি। 

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে আছেন নাফিস। ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজকল্যাণ সমিতির ম্যানেজার হিসেবে দেখা যায় তাকে। এরপর জাতীয় দলের সঙ্গে যুক্ত করা হয় সাবেক ওপেনারকে। 

২০২২ সাল থেকে কয়েকটি সিরিজে দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন নাফিস। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে লজিস্টিকস ম্যানেজার হিসেবে দলের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যান তিনি। 

জাতীয় দলের সাবেক অধিনায়ক, বর্তমান বোর্ড পরিচালক আকরাম খানের ভাইয়ের ছেলে ও দেশের সবসময়ের সেরা ব্যাটসম্যানদের একজন তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল।