ওয়ানডেতেও ভারতের নেতৃত্বে গিল, দলে আছেন রোহিত-কোহলিও
অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও ভারতের জার্সিতে দেখা যাবে রোহিত শার্মা ও ভিরাট কোহলিকে।
অনেকদিন ধরে চলা গুঞ্জনই সত্যি হলো। টেস্টের পর ওয়ানডেতেও শুবমান গিলের কাঁধে নেতৃত্বভার তুলে দিল ভারত। অস্ট্রেলিয়া সফরে ৫০ ওভারের সংস্করণের সিরিজে তার ডেপুটি হিসেবে থাকবেন শ্রেয়াস আইয়ার।
অধিনায়কত্ব হারালেও দলে ঠিকই আছেন রোহিত শার্মা। সবকিছু ঠিক থাকলে অভিজ্ঞ ওপেনারের সঙ্গে অস্ট্রেলিয়ায় ওয়ানডে খেলবেন ভারতের ব্যাটিং গ্রেট ভিরাট কোহলিও।
রোহিতের নেতৃত্বে গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। বৈশ্বিক ওই টুর্নামেন্টে খেলেছিলেন কোহলিও। এরপর আর কোনো ওয়ানডে খেলেনি ভারত। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ায় রোহিত ও কোহলিকে মাঝের এই লম্বা সময় দেখা যায়নি ভারতের জার্সিতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শনিবার আলাদা দুটি দল ঘোষণা করেছে ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ১৫ সদস্যের ওয়ানডে দল থেকে পরিবর্তন আছে পাঁচটি। জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার রাভিন্দ্রা জাদেজা ও রহস্য স্পিনার ভারুন চক্রবর্তীর। পেশির চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। কিপার-ব্যাটসম্যান রিশাভ পান্ত লড়ছেন পায়ের চোট থেকে সেরে উঠতে। আর অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহকে দেওয়া হয়েছে বিশ্রাম।
তাদের জায়গায় দলে এসেছেন তিন পেসার মোহাম্মেদ সিরাজ, আর্শদিপ সিং ও প্রাসিধ কৃষ্ণা, কিপার-ব্যাটসম্যান ধ্রুব জুরেল ও টপ অর্ডার ব্যাটসম্যান ইয়াশাসভি জয়সওয়াল। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডিকেও রাখা হয়েছে।
ভারতের প্রধান নির্বাচক আজিত আগারকার ইঙ্গিত দিয়েছেন, গিলের সঙ্গে ইনিংস শুরু করবেন রোহিত। অর্থাৎ, একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম জয়সওয়ালের। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন বাঁহাতি ওপেনার, পরে তার বদলি হিসেবে ভারুনকে দলে যোগ করে ভারত।
ওয়ানডেতে না থাকলেও টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে বুমরাহকে। গত মাসে এশিয়া কাপ জেতা টি-টোয়েন্টি দল থেকে বদল কেবল একটি। টুর্নামেন্টটি চলাকালে চোট পাওয়া পান্ডিয়ার জায়গায় ডাক পেয়েছেন নিতিশ। তার সঙ্গে স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দারকে যোগ করে ১৬ জনের টি-টোয়েন্টি দল নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে ভারত।
পার্থে ওয়ানডে সিরিজটি শুরু আগামী ১৯ অক্টোবর। পরের দুই ম্যাচ অ্যাডিলেইড ও সিডনিতে, যথাক্রমে ২৩ ও ২৫ অক্টোবর। টি-টোয়েন্টি পাঁচটি হবে ২৯ ও ৩১ অক্টোবর, ২, ৬ ও ৮ নভেম্বর। ২০ ওভারের ম্যাচের ভেন্যুগুলো যথাক্রমে ক্যানবেরা, মেলবোর্ন, হোবার্ট, গোল্ড কোস্ট, ব্রিজবেন।
ভারতের ওয়ানডে দল: শুবমান গিল (অধিনায়ক), রোহিত শার্মা, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), আকসার প্যাটেল, লোকেশ রাহুল, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দার, কুলদিপ ইয়াদাভ, হার্শিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদিপ সিং, প্রাসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল, ইয়াশাসভি জয়সওয়াল।
ভারতের টি-টোয়েন্টি দল: সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক), আভিশেক শার্মা, শুবমান গিল (সহ-অধিনায়ক), তিলাক ভার্মা, নিতিশ কুমার রেড্ডি, শিভাম দুবে, আকসার প্যাটেল, জিতেশ শার্মা, ভারুন চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, আর্শিদপ সিং, কুলদিপ ইয়াদাভ, হার্শিত রানা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দার।
