চার সেঞ্চুরির সিরিজে ব্যাটিং নিয়েই আক্ষেপ বাংলাদেশ অধিনায়কের
দুই টেস্টের সিরিজে নিজেদের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছে বাংলাদেশ, তবু তৃপ্ত নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পরিসংখ্যানের দিক থেকে সিরিজটি বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তির। তবে সেসব তো অনেকটাই প্রত্যাশিত। বরং আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে যতটা দাপুটে পারফরম্যান্স ভাবনায় ছিল, বিশেষ করে রানের যে জোয়ারের যে আশা ছিল, তা পূরণ হয়নি পুরোপুরি। সিরিজ জয়ের প্রাপ্তির দিনে এই অপ্রাপ্তির ছোঁয়া ফুটে উঠলবাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে।
এই সিরিজের দুই টেস্টে তিন ইনিংসে চারটি সেঞ্চুরি এসেছে। দুই ম্যাচের সিরিজে নিজেদের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশ ছুঁয়েছে। তবে দেড়শ পার করা ইনিংস কেবল একটিই। সিলেটে মাহমুদুল হাসান জয় ১৭১ রানের ইনিংস খেলেছেন। অন্য তিনটি সেঞ্চুরিতে কেউই ১৩০ রান পার করতে পারেননি।
সিলেটে সাদমান ইসলাম ও মুমিনুল হক ৮০ রানে আউট হয়েছেন, লিটন দাস ফেরেন ৬০ রানে। মিরপুরে প্রথম ইনিংসে বড় কিছুর সম্ভাবনা জাগিয়েও ফিফটির আগে ফেরেন সাদমান ও জয়, মুমিনুল ফিরেছেন ৬৩ রানে, মিরাজ ৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে জয় ৬০ রানে, সাদমান ৭৮ রানে আউট হন। মুমিনুল শতরানের সম্ভাবনা দেখালেও ৮৭ রানে আউট হয়েছেন।
অথচ বাংলাদেশ যখন ছিল আয়ারল্যান্ডের পর্যায়ে, প্রতিপক্ষ প্রতিপক্ষের রান পাহাড়ে চাপা পড়তে হয়েছে নিয়মিত। ব্যাটসম্যানরা খেলেছেন বড় বড় ইনিংস। বাংলাদেশ সেই সাজা দিতে পারছে না প্রতিপক্ষ বোলারদের। সুযোগ পেয়েও বড় রান করতে না পারার প্রশ্নটাই উঠছে।
চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে ব্যাটসমানদের পাশেই দাঁড়িয়েছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল অবশ্য ব্যাটসম্যানদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। তারপরও, শান্ত সিরিজ জয়ের পর প্রাপ্তির সঙ্গে অপ্রাপ্তির কথাই নিজের মনে প্রকাশ করলেন।
‘‘আমার কাছে মনে হয় যে এই সিরিজ শুরু হওয়ার আগে আমরা যখন পরিকল্পনা করি, দলীয় মিটিংয়ে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি যে, আসলে আমরা কতগুলো সেঞ্চুরি করতে পারি দল হিসেবে। ব্যাক্তিগত তো করবই, কিন্তু দল হিসেবে আমাদের প্রত্যেকটা সিরিজে বা প্রত্যেকটা ইনিংসে কতগুলো একশ হচ্ছে এবং একশ যেন শুধু একশতেই থেমে না যায়, ১৫০, ১৬০, ১৭০, ২০০, এরকম যেন হয়।”
“ইতিবাচক দিক হলো চারটা শতরান হয়েছে। নেতিবাচক দিক আমি বলব যে , সেঞ্চুরিগুলো আরও বড় হতে পারত। এখান থেকে যদি দুটি ডাবল সেঞ্চুরি হতো, তাহলে এটা আরও ভালো হতো।”
শান্তর আশা, ভবিষ্যতে এই ইনিংসগুলোই আরও বড় হবে।
‘‘৫০ রানের ইনিংসগুলো ১০০ হলে আরও ভালো হতো। সুযোগ ছিল, কিন্তু আমরা পুরোপুরি কাজে লাগাতে পারিনি। সবাই চেষ্টা করেছে, তবে অধিনায়ক হিসেবে চাওয়া আরও ভালো কিছুর ছিল। কারণ এমন একটি দলকে সামনে পেলে, যদি ব্যাটসম্যানের পেছনে এই রানগুলো থাকে, ভবিষ্যতে তা তার আত্মবিশ্বাসকে আরও বাড়াবে। ম্যাচে ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকই ছিল। ভবিষ্যতের জন্য আশা করি এই রানগুলো আরও বড় হবে—১০০, ১৫০, ২০০—যাতে খেলোয়াড়রা ধারাবাহিকভাবে বড় ইনিংস খেলতে পারে।’’
শান্ত ঘরোয়া ক্রিকেটের গুরুত্বকেও তুলে ধরেছেন। টেস্টে ভালো করতে হলে এই অভ্যাস তৈরি হওয়া জরুরি।
‘‘ঘরোয়ায় প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলতে গিয়ে আমরা যেন বড় ইনিংসের অভ্যাস গড়ে তুলি। সুযোগ এলে সবাই যেন সেই চার দিনের ম্যাচে খেলতে পারে। অধিনায়ক হিসেবে আমার প্রত্যাশা, প্রতিটি খেলোয়াড় যেন প্রথম শ্রেণীর ম্যাচে খেলে এবং সেখানে বড় রান করার চেষ্টা করে।’’
