বাংলাদেশের বিপক্ষে ‘গ্যালারির ছাদ পার’ করতে চান ডেভিড
সুপার এইট শুরুর আগে বড় বড় ছক্কা মারার লক্ষ্য জানিয়ে রাখলেন টিম ডেভিড।
আগ্রাসী ব্যাটিংয়ে বড় বড় ছক্কার জন্য আলাদা পরিচিতি রয়েছে টিম ডেভিডের। শেষ দিকে নেমে ঝড় তোলার সামর্থ্যের কারণেই মূলত অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিতে পেরেছেন সিঙ্গাপুর বংশোদ্ভূত ক্রিকেটার। চলতি বিশ্বকাপে সামনের দিকে তার লক্ষ্য স্টেডিয়ামের গ্যালারির ছাদ পার করা।
অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে সেরা আটের যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। ওই ম্যাচের আগে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের তুলনামূলক ব্যাটিং সহায়ক উইকেটে বড় বড় ছক্কার অনুশীলন করেন টিম ডেভিড, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেডরা।
বেশ কয়েকটি উড়ে গিয়ে পড়ে গ্র্যান্ডস্ট্যান্ডের ছাদে। তবে কেউই ছাদের ওপর দিয়ে মাঠের বাইরে পাঠাতে পারেননি। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ডেভিড সাফ জানালেন, মূল ম্যাচে ছাদ পার করাই তার লক্ষ্য।
"এখানে বিষয়টা হলো ছাদের ওপর দিয়ে মারা। এটাই লক্ষ্য (হাসি)। বল যদি ছাদে আটকে যায়, তাহলে সেটি হতাশাজনক।"
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৪ বলে ২৪ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ে অবদান রাখেন ডেভিড। শেষ ওভারের চতুর্থ বলে ডিপ মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা মেরে ম্যাচ শেষ করেন তিনি।
