দলের ‘এলেমেলো অবস্থা’ দেখছেন অধিনায়ক
একটা ঠিক হলে আরেকটা ঠিক হয় না, একটি শুধরে নিলে আরেকটিতে ভুল, সব মিলিয়ে দলের অবস্থা খুব গোছানো নয় বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত।
ব্যাটিংয়ে কখনও শুরুতে নামে ধস, কখনও মাঝে। কখনও আবার শেষটা ঠিকঠাক হয় না। ব্যাটিং কোনো দিন সব মিলিয়ে ভালো হয়ে গেলে খেই হারান বোলাররা। ব্যাটিং-বোলিং কখনও ঠিক থাকলে ফাঁক বের হয় ফিল্ডিংয়ে। হতাশ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আক্ষেপ, পারফরম্যান্সের সবকিছু মিলিয়ে তার দল এক সুতোয় গাঁথতে পারছে না বেশির ভাগ সময়ই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার দুই ম্যাচেই হেরে যাওয়া বাংলাদেশ ভুগেছে মূলত ব্যাটিংয়ে। সেই ভোগান্তিরও ছিল আলাদা ধরন। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩৬ রানে মধ্যে পতন হয় ৫ উইকেটের। পরে তাওহিদ হৃদয় ও জাকের আলির রেকর্ড জুটি দলকে লড়ার রানে নিয়ে যান। দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে সোমবার শুরুটা খারাপ হয়নি। ৮ ওভারে ৪৫ রান আসে উদ্বোধনী জুটিতে। এক পর্যায়ে রান ছিল ২ উইকেটে ৯৭। কিন্তু এরপর দ্রুত ৩টি উইকেট হারিয়ে সেই একই চিত্র ফিরে আসে।
ইনিংসের গতিপথ দুইরকম হলেও তাই চূড়ান্ত পরিণতি দুই ম্যাচেই প্রায় একই। প্রথম ম্যাচে স্কোর ছিল ২২৮, পরের ম্যাচে ২৩৬।
ব্যাটিংয়ের তুলনায় বোলিং দুই ম্যাচেই ভালো হয়েছে। তবে আঙুল তোলা যায় এখানেও। শুরুটা ভালো হলেও বোলিংয়ে চাপটা ধরে রাখা যায়নি দীর্ঘ সময়। আলগা বল করে বাউন্ডারির সুযোগ দেওয়া হয়েছে প্রচুর। মাঝের ওভারগুলোয় উইকেট তুলতে না পারার পুরোনো সমস্যা তো আছেই।
ফিল্ডিংও একই পথের পথিক। প্রথম ম্যাচে জাকের আলি যদি লোকেশ রাহুলের সহজ ক্যাচটি নিতে পারতেন, ভারতকে চাপে ফেলা যেত আরও। দ্বিতীয় ম্যাচে রাচিন রাভিন্দ্রাকে ২৫ রানে রান আউট করার বড় সুযোগ এসেছিল। কিন্তু খুব কাছ থেকে সরাসরি থ্রো স্টাম্পে লাগাতে পারেননি তানজিদ হাসান।
পরে আরও দুই দফায় জীবন পান রাভিন্দ্রা। সেঞ্চুরির কাছে গিয়ে তার ক্যাচ ছাড়েন মেহেদী হাসান মিরাজ, সেঞ্চুরি পর ছাড়েন মাহমুদউল্লাহ।
টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর এই সবকিছু গুছিয়ে করতে না পারার আফসোসই করলেন শান্ত। দ্বিপাক্ষিক সিরিজে মাঝেমধ্যে সাফল্য পেলেও আইসিসি টুর্নামেন্টে ভালো করতে না পারার কারণ তার চোখে এটিই।
“আমরা সিরিজগুলো দেশেই বেশি জিতি। দেশের বাইরে যে খুব একটা যে বেশি জিতি নিয়মিত, ওইরকম না। আইসিসি ইভেন্টে আমরা কী করে ভালো করতে পারি, এই জায়গায় খেয়াল করতে হবে।”
“আমার মনে হয়, দল হিসেবে প্রত্যেকটি বিভাগে ভালো করা গুরুত্বপূর্ণ। একদিন ব্যাটিং ভালো হচ্ছে ওপরের দিকে, একদিন মাঝখানে ভালো হচ্ছে। একদিন ফিল্ডিং ভালো হচ্ছে… মানে এলোমেলো একটা অবস্থা। আমার মনে হয়, সম্মিলিত একটা পারফরম্যান্স যদি করতে পারি, তাহলেই এই ধরনের টুর্নামেন্ট ও বড় দলের বিপক্ষে জেতা সম্ভব।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটি করে দেখানোর আরেকটি সুযোগ আছে বাংলাদেশের। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ। এই ম্যাচটিতে জিততে পারলে বিদায়ের আগে অন্তত কিছুটা প্রাপ্তি মিলবে।
