২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাদেজার অলরাউন্ড দ্যুতিতে উইন্ডিজকে গুঁড়িয়ে দিল ভারত

আহমেদাবাদ টেস্টে ক্যারিবিয়ানদের ইনিংস ও ১৪০ রানে হারিয়েছে ভারত।

জাদেজার অলরাউন্ড দ্যুতিতে উইন্ডিজকে গুঁড়িয়ে দিল ভারত
প্রতিপক্ষের উইকেট নেওয়ার পর উদযাপন করছেন ভারতীয় ক্রিকেটাররা। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 02:37 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

অপরাজিত সেঞ্চুরি উপহার দেওয়া রাভিন্দ্রা জাদেজা বল হাতেও ছড়ালেন আলো। প্রথম ইনিংসে উইকেট না পাওয়া বাঁহাতি স্পিনার এবার ধরলেন চার শিকার। দুর্দান্ত বোলিংয়ে মোহাম্মেদ সিরাজ জ্বলে উঠলেন আবার। ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত।

আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিন ইনিংস ও ১৪০ রানের জয় তুলে নিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি তাদের পঞ্চম বড় জয়।

প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের ১৬২ রানে গুটিয়ে দেয় ভারত। পরে ৫ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে শুবমান গিলের দল। শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ টিকতে পারেনি দুই সেশনও। এবার তারা গুটিয়ে যায় ১৪৬ রানে।

ভারতের মাটিতে এই নিয়ে সবশেষ পাঁচ টেস্টই ইনিংস ব্যবধানে হারল ওয়েস্ট ইন্ডিজ। এই পাঁচ টেস্টের একটিও তিন দিন পার হয়নি।

সাদা পোশাকে ক্যারিবিয়ানরা ব্যাটিং ব্যর্থতার বৃত্তে বন্দি অনেকদিন ধরেই। সবশেষ ১৫ ইনিংসে কেবল দুইবার ২০০ পার করতে পেরেছে তারা, যেখানে সর্বোচ্চ ২৫৩। এই ১৫ ইনিংসে একবারও দ্বিতীয় নতুন বলে ব্যাটিং করতে পারেনি দলটি।

ভারতের এই জয়ের নায়ক জাদেজা একমাত্র ইনিংসে ৫ ছক্কা ও ৬ চারে করেন ১০৪ রান। পরে বল হাতে ৫৪ রান খরচায় নেন চার উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পর ম্যাচ সেরা তিনি ছাড়া আর কে!

টেস্টে এনিয়ে ১১ বার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন জাদেজা। ভারতীয়দের মধ্যে রাহুলের দ্রাবিড়ের সঙ্গে যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি ১৪ বার জিতেছেন ব্যাটিং গ্রেট সাচিন টেন্ডুলকার।

তবে একটি জায়গায় সবাইকে ছাড়িয়ে গেলেন জাদেজা। ভারতের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি ১০ বার ম্যাচ সেরা হলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৯ বার লেগ স্পিনিং গ্রেট আনিল কুম্বলে।

প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া সিরাজ এবার ধরেন তিন শিকার। দুই ইনিংসেই দুটি করে প্রাপ্তি কুলদিপ ইয়াদাভের। দুই ইনিংসেই প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বাঁহাতি রিস্ট স্পিনার।

অবদান কম নয় লোকেশ রাহুল ও ধ্রুব জুরেলেরও। দুইজনেই পান সেঞ্চুরির স্বাদ, যথাক্রমে করেন ১০০ ও ১২৫ রান।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় দিন আর ব্যাটিংয়ে নামেনি ভারত। দ্বিতীয় দফায় খেলতে নেমেও ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্সে কোনো উন্নতি হয়নি। এবারও ফিফটি করতে পারেননি দলটির কেউ। সর্বোচ্চ ৩৮ রান করেন আলিক আথানেজ। প্রথম ইনিংসের মতো এবার পঞ্চাশ ছুঁতেও পারেনি কোনো জুটি।

টেস্টে ফেরার ম্যাচে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৮ রানে ফেরেন তেজনারাইন চান্দারপল। এবারও তাকে বিদায় করেন সিরাজ।

দিনের সপ্তম ওভারেই আক্রমণে আনা হয় জাদেজাকে। অভিজ্ঞ ক্রিকেটার নিজের তৃতীয় ওভারে দলকে এনে দেন সাফল্য, শর্ট লেগে জন ক্যাম্পবেলের দারুণ ক্যাচ নেন সাই সুদার্শান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন ভারতীয় বোলাররা। পাঁচ ওভারের মধ্যে ব্র্যান্ডন কিং ও শেই হোপকে স্পিনার জাদেজা এবং রোস্টন চেইসকে কুলদিপ ফিরিয়ে দেন।

কয়েক ওভার পর ফিরতি ক্যাচ নিয়ে আথানেজের প্রতিরোধ ভাঙেন ওয়াশিংটন সুন্দার। পরের ওভারে জোড়া শিকার ধরেন সিরাজ। শেষ দিকে জেডেন সিলসের ২ ছক্কা ও ১ চারে ১২ বলে ২২ রানের ইনিংসে কোনোমতে দেড়শর কাছে যায় ওয়েস্ট ইন্ডিজের রান।

দিল্লিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী শুক্রবার।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৬২

ভারত ১ম ইনিংস: ৪৪৮/৫ ডিক্লে. 

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৫.১ ওভারে ১৪৬ (ক্যাম্পবেল ১৪, চান্দারপল ৮, আথানেজ ৩৮, কিং ৫, চেইস ১, হোপ ১, গ্রেভস ২৫, পিয়ের ১৩*, ওয়ারিক্যান ০, লেইন ১৪, সিলস ২২; বুমরাহ ৬-১-১৬-০, সিরাজ ১১-২-৩১-৩, জাদেজা ১৩-৩-৫৪-৪, কুলদিপ ৮.১-৩-২৩-২, ওয়াশিংটন ৭-১-১৮-১)

ফল: ভারত ইনিংস ও ১৪০ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রাভিন্দ্রা জাদেজা

সিরিজ: ২ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে ভারত