২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্দান্ত সেঞ্চুরিতে রোহিতের জবাব ও অসাধারণ কীর্তি

আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে তুমুল গুঞ্জনের মাঝে লর্ডসে চমৎকার এক সেঞ্চুরি উপহার দিলেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান।

দুর্দান্ত সেঞ্চুরিতে রোহিতের জবাব ও অসাধারণ কীর্তি
সেঞ্চুরির পর রোহিত শার্মা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 11:02 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

লেগ স্পিনার আদিল রাশিদকে হাঁটু গেড়ে স্লগ সুইপে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে খেললেন রোহিত শার্মা। এক ড্রপ খেয়ে বল চলে গেল সীমানার বাইরে। ৯৭ থেকে তিনি পৌঁছে গেলেন তিন অঙ্কের ঘরে। এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন সঙ্গী ভিরাট কোহলি। লর্ডসের ব্যালকনিতে ততক্ষণে দাঁড়িয়ে হাততালিতে ব্যস্ত গোটা ভারতীয় দল। গ্যালারির দর্শকরা তো আছেই। রোহিত ব্যাট উঁচিয়ে ধরে সবার অভিবাদনের জবাব দিলেন। ভিন্ন এক জবাবও তো দিলেন! 

দলে তার জায়গা নিয়ে এত আলোচনা, এই ম্যাচ খেলে অবসরের গুঞ্জন, সব কিছুর জবাব ব্যাট হাতেই দিলেন রোহিত। ৩৪তম ওয়ানডে সেঞ্চুরি করে ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান বুঝিয়ে দিলেন, এখনও তিনি ফুরিয়ে যাননি!

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে রোববার ইংল্যান্ডের ৩৮৭ রানের বিশাল সংগ্রহের জবাবে ৮৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত।

তিনিই প্রথম ভারতীয় ব্যাটসম্যান, যিনি ক্রিকেট তীর্থ খ্যাত লর্ডসে ওয়ানডে ম্যাচে সেঞ্চুরির স্বাদ পেলেন। সেই ২০০৪ সালে সৌরভ গাঙ্গুলির ৯০ রান এখানে ভারতীয় কারো সর্বোচ্চ ইনিংস ছিল এতদিন।

৩৯ বছর ৮০ দিন বয়সে এই স্বাদ পেলেন রোহিত। লর্ডসে তার চেয়ে বেশি বয়সে ওয়ানডে সেঞ্চুরি করতে পারেননি আর কেউ।

এই সংস্করণে ইংল্যান্ডের মাটিতে রোহিতের সেঞ্চুরি হলো আটটি, যেকোনো একটি দেশে সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ।

সংযুক্ত আরব আমিরাতে সাতটি করে সেঞ্চুরি আছে সচিন টেন্ডুলকার ও সাঈদ আনোয়ারের। ভারতে সাতটি করে সেঞ্চুরি আছে এবি ডি ভিলিয়ার্স ও কুইন্টন ডি ককের।

এই সিরিজের প্রথম দুই ম্যাচে ২১ বলে ১১ ও ৪৭ বলে ২৬ রানের মন্থর ইনিংস খেলেন রোহিত। তারপর থেকে বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় নির্বাচকরা তাকে না রাখায় লর্ডসের ম্যাচ দিয়ে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেন রোহিত। এমনও বলা হয়, রোহিতকে জানিয়ে দেওয়া হয়েছে যে, তার জায়গায় নির্বাচকরা ইয়াশাসভি জয়সওয়ালকে গড়ে তোলার চেষ্টা করছেন এবং তার সময় শেষ।

বিসিসিআই সচিব দেভাজিৎ সাইকিয়া গত শুক্রবার গুঞ্জন উড়িয়ে বলেন, ‘লর্ডসে রোহিতের শেষ ম্যাচ হবে না।’ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের বোলিং কোচ মর্কেল জোর দিয়ে বলেন, রোহিতের ব্যাটিং নিয়ে মোটেও ‘কোনো উদ্বেগ বা দুশ্চিন্তা নেই’ তাদের।

ব্যাট হাতে জ্বলে উঠতে বেশি সময় নিলেন না রোহিত।

বড় লক্ষ্য তাড়ায় শুবমান গিলের সঙ্গে ১৪৭ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন রোহিত। ৫০ বলে তিনি স্পর্শ করেন পঞ্চাশ। সেখান থেকে সেঞ্চুরিতে যেতে লাগে কেবল ৩৪ বল।

দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে আরেকটি শতরানের জুটি গড়ে ১৩৮ রানে আউট হন রোহিত। তার ১১০ বলের ইনিংসটি গড়া ১৭ চার ও পাঁচ ছক্কায়।

একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরি করা রোহিত ১২ হাজার রানের মাইলফলক থেকে আর ১০৫ রান দূরে আছেন।