Published : 05 Jun 2025, 04:16 PM
ক্যারিয়ারে একটি টেস্টই খেলেছেন জেমি ওভারটন, সেটিও অবার তিন বছর আগে। লম্বা সময় পর আবারও সাদা পোশাকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার হাতছানি তার সামনে। এই পেস বোলিং অলরাউন্ডারকে রেখে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দল সাজিয়েছে ইংল্যান্ড।
হেডিংলিতে আগামী ২০ জুন শুরু দুই দলের মাঠের লড়াই। ম্যাচটির জন্য বৃহস্পতিবার ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশরা।
হেডিংলিতেই ২০২২ সালের জুনে ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছিলেন ওভারটন। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে দুই ইনিংসে একটি করে উইকেট নিয়েছিলেন তিনি। এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আট নাম্বারে নেমে খেলেছিলেন ৯৭ রানের ইনিংস।
গাস অ্যাটকিনসন হ্যামস্ট্রিং চোট থেকে সেরে না ওঠায় ৩১ বছর বয়সী ওভারটনকে ডেকেছে ইংল্যান্ড। গত মৌসুম শুরুর পর থেকে কেবল তিনটি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলা ওভারটন সম্প্রতি আঙুল ভেঙে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেছেন।
এছাড়া, বৃদ্ধাঙ্গুলের সমস্যায় ভোগা জফ্রা আর্চারকেও প্রথম টেস্টে পাচ্ছে না ইংল্যান্ড। হাঁটুর চোটের সঙ্গে লড়াই করা মার্ক উড ও অলি স্টোনকে পুরো সিরিজেই পাবে না তারা।
অ্যাঙ্কেলের চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ক্রিস ওকস। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র চার দিনের ম্যাচটি খেলতে পারেননি তিনি। আইপিএল খেলতে ভারতে থাকায় ওই ম্যাচে ছিলেন না জ্যাকব বেথেলও। তাকে অবশ্য ভারতের বিপক্ষে পাচ্ছে ইংল্যান্ড।
জিম্বাবুয়ে টেস্ট দিয়ে অভিষিবক্ত পেসার স্যাম কুক ধরে রেখেছেন দলে জায়গা। চোটের কারণে ২০২৪ মৌসুম মাঠের বাইরে থাকা জশ টংকেও ফিরিয়েছে ইংল্যান্ড।
১৮ মাস আগে ভারতের মাটিতে ৪-১ ব্যবধানে সিরিজ হারের পর অনেক বদলে গেছে ইংল্যান্ড দল। ওই সিরিজের কিছুদিন পর টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। সেই সিরিজে খেলা জনি বেয়ারস্টো, বেন ফোকস ও অলি রবিনসনও নেই এবারের দলে।
তবে ভারত দলের পরিবর্তনটা চোখে লাগার মতো। পালাবদলের মধ্যে থাকা এশিয়ার দলটি ইংল্যান্ডে খেলবে শুবমান গিলের নেতৃত্বে। টেস্ট থেকে অবসর নেওয়া ভিরাট কোহলি, রোহিত শার্মা, রাভিচান্দ্রান অশ্বিনকে পাচ্ছে না তারা।
হেডিংলিতে শুরু হওয়া সিরিজের বাকি চার টেস্ট হবে এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড ও ওভালে।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জো রুট, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, জেমি ওভারটন, ক্রিস ওকস, জশ টং, স্যাম কুক, শোয়েব বাশির।