ইংল্যান্ডের চুক্তিতে ৫ নতুন মুখ
এবার দুই বছরের চুক্তিতে সই করেছেন টেস্ট অধিনায়ক বেন স্টোকস।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুই বছরের কেন্দ্রীয় চুক্তিতে সই করেছেন টেস্ট অধিনায়ক বেন স্টোকস ও সীমিত ওভারের দলের অধিনায়ক জস বাটলার। প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন পাঁচ জন- জেমি স্মিথ, উইল জ্যাকস, শোয়েব বাশির, ফিল সল্ট ও অলি স্টোন।
২০২৪-২৫ মৌসুমে হালনাগাদ কেন্দ্রীয় চুক্তির তালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে ইসিবি। জায়গা পেয়েছেন মোট ২৯ ক্রিকেটার। এর মধ্যে দুই বছরের চুক্তিতে আছেন সাত জন, এক বছরের চুক্তিতে ১৯ জন ও ডেভেলপমেন্ট চুক্তিতে তিন জন।
গত বছর প্রথমবারের মতো ক্রিকেটারদের একাধিক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল ইসিবি। সেবার শুধু এক বছরের চুক্তিতে সই করেছিলেন স্টোকস। এবার তিনি দুই বছরের চুক্তিতে সই করতে পারেন বলে শোনা গিয়েছিল আগেই।
নতুন পাঁচ জনের মধ্যে শুধু স্মিথ আছেন দুই বছরের চুক্তিতে। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের হয়ে উজ্জ্বল পারফরম্যান্সের পুরস্কার পেলেন এই কিপার-ব্যাটসম্যান।
গতবারের তালিকা থেকে এবার চুক্তিতে নেই মইন আলি, জেমস অ্যান্ডারসন, বেন ফোকস, দাভিদ মালান, অলি রবিনসন, ম্যাথু ফিশার ও সাকিব মাহমুদ। এর মধ্যে অ্যান্ডারসন, মইন ও মালান বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
২০২৪-২৫ মৌসুমে ইসিবির কেন্দ্রীয় চুক্তি:
২ বছরের চুক্তি: গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, জস বাটলার, জো রুট, জেমি স্মিথ, বেন স্টোকস, মার্ক উড
১ বছরের চুক্তি: রেহান আহমেদ, জফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, শোয়েব বাশির, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, অলি স্টোন, জশ টং, রিস টপলি, ক্রিস ওকস
ডেভেলপমেন্ট চুক্তি: জ্যাকব বেথেল, জশ হাল, জন টার্নার
