বিসিবি ছাড়লেন আরেক পরিচালক
এই নিয়ে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের তিন পরিচালক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন।
বিসিবি থেকে পদত্যাগ করলেন আরও এক পরিচালক। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। বোর্ডের লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি।
বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস হওয়ার আগেই ইস্তফা দিলেন এই নিয়ে তিনজন পরিচালক। এর আগে বোর্ড ছেড়েছেন ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন।
অন্য দুজনের চেয়ে ইয়াসিরের পদত্যাগ উল্লেখযোগ্য একটি কারণে, তিনি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক।
পদত্যাগের কারণ অবশ্য একই। অন্য দুজনের মতোই ব্যক্তিগত কারণের কথাই বললেন ইয়াসির।
“আজকে সকালেই পদত্যাগপত্র দিয়েছি। একান্তই ব্যক্তিগত কারণ। বিস্তারিত কিছু বলার নেই, অন্য আর কোনো কারণ নেই।”
ইশতিয়াক ও আমজাদের পদত্যাগের পর বিসিবির আরও কয়েকজন পরিচালক সরে যেতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে কদিন ধরেই। সেটিই বাস্তব হয়ে উঠল ইয়াসিরের বিদায়ে। অন্য আরও কেউ পদত্যাগ করবেন কি না, এ ব্যাপারে ইয়াসির বললেন, “আপনাদের মতো আমিও শুনেছি বিভিন্ন জায়গা থেকে। তবে আমার কিছু জানা নেই।”
গত ২৪ জানুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেখিয়ে পদত্যাগ করেন ইশতিয়াক সাদেক। যদিও তার ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছিল, বোর্ডের পরিচলনগত নানা কিছুতে অসন্তুষ্টি থেকেই তিনি দায়িত্ব ছেড়েছেন। এরপর হুট করেই বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর গত ২৩ মার্চ পরিচালক পদ থেকেই সরে দাঁড়ান আমজাদ।
