‘বেবি মনস্টার’: ১৫তম জন্মদিনের তিন দিন পর ১৫ বলে ফিফটি
গত মৌসুমে আইপিএল অভিষেকে রেকর্ডের পর রেকর্ড গড়া বিস্ময়-বালক নতুন মৌসুমও শুরু করলেন ব্যাটিং ঝড়ে বিধ্বংসী ফিফটিতে।
লাজুক চেহারা, মিষ্টি হাসি। কণ্ঠ একদমই মোলায়েম। মাইক্রোফোন হাতে ইতিউতি তাকাচ্ছেন। চেনা একজন কিশোরের প্রতিচ্ছবিই ফুটে উঠছিল বৈভাব সুরিয়ানভানশির মাঝে। সঞ্চালক মুরালি কার্তিক জন্মদিনের শুভেচ্ছা জানাতেই তিনি স্মিত হেসে বললেন, “থ্যাংক ইউ স্যার…।” কে বলবে, এই ছেলেটিই একটু আগে মাঠে বোলারদের কচুকাটা করে এসেছেন!
তার জন্মদিন গেছে তিন দিন আগে। বয়স মাত্রই ১৫ হলো। সেটি উদযাপন করলেন তিনি ১৫ বলে ফিফটি করে।
গত আইপিএল তার জন্য ছিল আবির্ভাবের মঞ্চ। তাক লাগিয়েছিলেন শুরুতেই। আইপিএল অভিষেকে প্রথম বলটিই উড়িয়ে দিয়েছিলেন ছক্কায়। সেদিন ৩৪ রানে ফিরলেও তৃতীয় ম্যাচেই রেকর্ডের ঝড় তুলে সেঞ্চুরি করেছিলেন ৩৫ বলে। প্রথম আইপিএল অভিযানে ৭ ম্যাচে ২৫২ রান করেছিলেন ২০৬.৫৫ স্ট্রাইক রেটে। এবারের মৌসুম শুরু করলেন আইপিএল ইতিহাসের তৃতীয় দ্রুততম ফিফটিতে।
গুয়াহাটিতে সোমবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম বলেই চার দিয়ে শুরু করেন সুরিয়াভানশি। সেটি অবশ্য ক্যাচের মতো কিছু। পরের বলে আর সেই সুযোগ দেননি, এবার বল আছড়ে ফেলেন গ্যালারিতে! পেসারদের তুলাধুনা করার পর স্পিন আনা হয় আক্রমণে। সেখানেও শুরু করেন প্রথম দুই বলেই ছক্কা মেরে! শেষ পর্যন্ত ৫ ছক্কায় ১৭ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন সারফারাজ খানের দারুণ ক্যাচে।
দল ততক্ষণে জয়ের পথে। পরে ৮ উইকেটের জয় দিয়ে মৌসুম শুরু করে রাজস্থান।
গত আইপিএলের পর ক্রিকেট বিশ্বের নানা প্রান্তে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে বিস্ময় ছড়িয়েছেন সুরিয়াভানশি। আইপিএলের পরে ভারতীয় ‘এ’ দলের হয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলেন ১৫ ছক্কায় ৪২ বলে ১৪৪ রানের ইনিংস। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে করেন ঝড়ো সেঞ্চুরি। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডের বন্যা বয়ে যায় তার ব্যাটে। ইংল্যান্ড সফরে ৯ ছক্কায় ৩১ বলে ৮৬ রানের ইনিংস খেলার পরের ম্যাচেই ১০ ছক্কায় করেন ৭৮ বলে ১৪৩। যুব এশিয়া কাপের এক ম্যাচে ১৪ ছক্কায় করেন ৯৫ বলে ১৭১। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের এক ম্যাচে তার ব্যাট থেকে আসে ১০ ছক্কায় ৭৪ বলে ১২৭।
যুব বিশ্বকাপের সেমি-ফাইনালে ৩৩ বলে ৬৮ রান করার পর ফাইনালে করেন ১৫ ছক্কায় ৮০ বলে ১৭৫। ফাইনালের সেরা ও টুর্নামেন্টের সেরা, দুটি পুরস্কারই জিতে নেন বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়াও বিহারের হয়ে খেলেন তিনি রাঞ্জি ট্রফি, ভিজায় হাজারে ট্রফিতে।
‘বিস্ময়-বালক’, ‘বেবি মনস্টার’ বা এই ধরনের নাম পেয়ে গেছেন বেশ আগেই। অনেকেই তাকে মনে করছেন সাচিন টেন্ডুলকারের পর ভারতের সেরা বালক-প্রতিভা।
গত শুক্রবার বয়স ১৫ পূর্ণ হলো তার। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের পর তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সঞ্চালক জানতে চাইলেন, উদযাপন কেমন হলো। লাজুক হাসিতে সুরিয়াভানশির উত্তরে মিশে থাকল কিশোরসুলভ সরলতা।
“কিছুই করিনি। কেক কাটার কথা ছিল, তবে আগেভাগেই ঘুমিয়ে পড়েছিলাম। কারণ, কেক-টেক লাগিয়ে দেয় (মুখে)…এসব থেকে বাঁচার জন্য আগেই শুয়ে পড়েছিলাম (হাসি)।”
তিনি কেক মাখামাখির হাত থেকে বেঁচে গেলেও তার হাত থেকে তো বাঁচতে পারেননি চেন্নাইয়ের বোলাররা! মজা করে বলা সঞ্চালকের এই প্রশ্নে সুরিয়াভানশি তুলে ধরলেন দলীয় পরিকল্পনার কথা।
“তেমন কিছু নয়, পরিকল্পনা ছিল পাওয়ার প্লে ভালোভাবে কাজে লাগাতে হবে। শুরুতে উইকেট একটু ‘স্টিকি’ মনে হচ্ছিল। পরে বল পুরোনো হওয়ার পর ব্যাটে আসতে শুরু করে ভালোভাবে।”
রক্ষণাত্মক শট খুব একটা খেলতে দেখা যায় না তাকে। আক্রমণই কি তার দর্শন? তিনি আবারও বললেন দলীয় পরিকল্পনা অনুসরণের কথা।
“ডিফেন্স করা কথা অবশ্যই ভাবি। তবে আজকে এরকমই পরিকল্পনা ছিল যে পাওয়ার প্লে কাজে লাগাতে হবে। কারণ, ছোট রান (লক্ষ্য ছিল ১২৮) তাড়ার ম্যাচে সাধারণত পাওয়ার প্লেতেই ম্যাচের ভাগ্য গড়া হয়ে যায়। ওরা ভালো বোলিং করলে এমনও হতে পারত যে, ম্যাচ পাওয়ার প্লেতে ওদের দিকে যেতে পারত। এজন্য আমরা সবটুকু চেষ্টা করেছি পাওয়ার প্লে ভালো করতে।”
হালকা চালে কথার ফাঁকে আরেকটু গুরুতর প্রসঙ্গও এলো। এবারের আসর শুরুর আগে বিশেষজ্ঞ-বিশ্লেষকদের অনেকেই বলছিলেন, সুরিয়াভানশির জন্য এবারের আসরটি হবে অনেক চ্যালেঞ্জের। কারণ, সব দলই তার ব্যাটিং নিয়ে কাটাছেঁড়া করে তৈরি হয়ে মাঠে নামবে। অথচ তিনি প্রথম ম্যাচেই বিধ্বংসী ব্যাটিং উপহার দিলেন।
রাজস্থানে তিনি এবার কোচ হিসেবে পেয়েছেন ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে। এই দলের ব্যাটিং কোচ ভিক্রাম রাঠোর, যাকে মনে করা হয় বিশ্বের সেরা ব্যাটিং কোচদের একজন। সুরিয়াভানশি জানালেন, অন্যরা তার সামনে কঠিন পরীক্ষা দেখলেও সাঙ্গাকারা-রাঠোরদের কাছ থেকে ভরসা পেয়েছেন তিনি।
“উনারা (সাঙ্গাকারা-রাঠোর) এমন কিছু বলেননি যে বোলাররা এবার আক্রমণ করবে বা এমন কিছু। উনারা ছাড়া গোটা দুনিয়াই অবশ্য এরকম বলছিল। তবে উনারা শুধু বলেছেন, ‘আমরা তোর পাশে আছি, তুই সহজাত খেলা ধরে রাখ, বাকিটা দেখার জন্য আমরা সবাই আছি।’ খুব ভালোভাবে তারা সামলেছেন আমাকে।”
“অনুশীলন খুব ভালো হয়েছে আমাদের। প্রস্তুতির ওপর অনেক কিছু নির্ভর করে। সেই প্রস্তুতি ভালো হয়েছে, বেশ আগেই আমরা এখানে চলে এসেছিলাম। উনারা শুধু বলেছেন, ‘নিজের খেলাটাই খেলবি, পরিস্থিতি বুঝে খেলবি, নিজের খেলায় আস্থা রাখবি।’ এই তো।”
রাজস্থান রয়্যালসে সুরিয়াভানশির উদ্বোধনী জুটির সঙ্গী ইয়াশাসভি জয়সওয়াল। তিনি নিজেও এখনও তরুণ, কিন্তু সুরিয়াভানশির তুলনায় অনেকটাই অভিজ্ঞ ও পরিণত। দুজনের জুটিও দারুণ জমে গেছে। জুটির সাফল্যের পেছনের কারণও বললেন সুরিয়াভানশি।
“(জুটির সাফল্যের) রহস্য এটাই যে, প্রতিটি বলের পর তিনি আমাকে বলেন… যদি আমি শটও খেলতে থাকি, তার পরও উনি বলেন না যে সিঙ্গল খেলতে হবে বা এরকম কিছু… উনি আমাকে স্ট্রাইক দিতে থাকেন এবং বলেন যে, ‘তোর ব্যাটে লাগছে ভালো, মারতে থাক…।”
