অস্ট্রেলিয়া সমর্থকদের ‘কথার আঘাত’ সামলাতে প্রস্তুত রাবাদা
ডোপ টেস্টে পজিটিভ হওয়া নিয়ে অস্ট্রেলিয়া সমর্থকদের যে কোনো কটু কথাকে উল্টো প্রেরণা হিসেবে কাজে লাগাতে চান কাগিসো রাবাদা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা মানেই ক্রিকেটার ছাড়াও মাঠের বাইরে প্রতিপক্ষ সমর্থক ও সংবাদমাধ্যমের চাপ সামলানোর চ্যালেঞ্জ। কাগিসো রাবাদার জন্য এখন কাজটি আরও কঠিন। সম্প্রতি ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় কটু কথায় বিদ্ধ হতে পারেন দক্ষিণ আফ্রিকান পেসার। তবে এসব নিয়ে চিন্তিত নন অভিজ্ঞ পেসার। উল্টো নিন্দুকদের স্বাগত জানালেন তিনি।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ঐতিহ্যবাহী লর্ডসে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু আগামী ১১ জুন।
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার এত কাছে দক্ষিণ আফ্রিকা। তাই আইপিএল প্লে-অফ না খেলে এরই মধ্যে জাতীয় দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন রাবাদা, লুঙ্গি এনগিডি, এইডেন মার্করামরা।
মাস দুয়েক ধরে কঠিন সময় পার করছেন রাবাদা। এপ্রিলের শুরুতে হুট করেই আইপিএল ছেড়ে যান তিনি। তার দল গুজরাট টাইটান্সের পক্ষ থেকে বলা হয় 'গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণে' দেশে ফিরেছেন তিনি।
গত মাসের শুরুতে জানা যায় আসল কারণ। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় এক মাসের জন্য নিষিদ্ধ ছিলেন রাবাদা। সেই শাস্তি কাটিয়ে আইপিএলেও ফেরেন। তবে দুই ম্যাচের বেশি খেলা হয়নি। সব মিলিয়ে ৪ ম্যাচে ভীষণ খরুচে বোলিংয়ে নেন ২ উইকেট।
আইপিএল শেষ করে এবার দেশের খেলায় রাবাদা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের সঙ্গে কাজটা সহজ হবে না জানেন তিনি।
মাঠের বাইরে অস্ট্রেলিয়ার সমর্থকদের কটু কথাও শুনতে হতে পারে, ভালোভাবেই জানা ৩০ বছর বয়সী পেসারের। দক্ষিণ আফ্রিকা ব্রডকাস্ট কর্পোরেশনে দেওয়া সাক্ষাৎকারে এসবকে প্রেরণা হিসেবে কাজে লাগানোর থাকার কথা বললেন তিনি।
“আসলে, আমার মনে হয়, ওরা যখন আমাকে আক্রমণ করে, তখন আমি নিজের সেরাটা দিতে পারি। ওরা যখন আমাকে লক্ষ্য করে, তখন আমি আরও ভালো খেলি।”
মাঠের বাইরের যে কোনো ধরনের সমালোচনা বা কটু কথায় দমে যাবেন না বললেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ পেসার।
“যে কোনো ধরণের কথার আঘাত, কিংবা যদি মিডিয়া কিছু বলতে চায়, এটাই স্বাভাবিক। এটা আমাদের খেলার অংশ। আপনি এটার প্রতি উদাসীন হতে পারেন না, সচেতন থাকতে হবে। তবে আমি মনে করি না, এটা আমাকে থামিয়ে দিতে পারবে।”
“বছরের পর বছর ধরে তারা এসবই করে আসছে, তাই না? তো দেখা যাক এবার কী হয়।”
