Published : 30 May 2026, 08:56 AM
নিলামের টেবিলে ঝড় তুলে যখন বৈভাব সুরিয়াভানশিকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস, চারপাশে তখন শোরগোল পড়ে গিয়েছিল। ১৩ বছর বয়সী ক্রিকেটারের জন্য কোটি রুপি খরচ হলে তো তোলপাড় পড়ারই কথা। সেই কিশোরের পারফরম্যান্স এখন এমন যে, ওই অঙ্ক হয়ে উঠেছে এখন অতি মামুলি। ভারতীয় গ্রেট বিরেন্দার শেবাগের তো ধারণা, এখন নিলামে নাম লেখালে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হবেন সুরিয়াভানশি।
২০২৫ আইপিএলের আগে নিলামে ২০২৪ সালের নভেম্বরে নিলামে সুরিয়াভানশিকে নিয়ে বেশ কাড়াকাড়িই পড়ে গিয়েছিল। তখনও এতটা বৈশ্বিক খ্যাতি তার ছিল না। তবে আঞ্চলিক টুর্নামেন্টগুলোয় ও বয়সভিত্তিক ক্রিকেটে সেঞ্চুরির পর সেঞ্চুরি করে তিনি নজর কেড়েছিলেন। বেশ কটি আইপিএল দলের নজর ছিল তার ওপর। নিলামে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কঠিন লড়াইয়ের পর ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্রিকেটারকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান।
প্রথম আসরে অর্ধেক সময় ডাগআউটেই কাটান তিনি। পরে যখন মাঠে নামার সুযোগ পান, তখন দেখিয়ে দেন যে, অমূল্য এক রত্ন পানির দরে পেয়ে গেছে রাজস্থান। আইপিএলে অভিষেক আসরে ৭ ইনিংস খেলে রেকর্ড গড়া একটি সেঞ্চুরিসহ ২৫২ রান করেন তিনি ২০৬.৫৫ স্ট্রাইক রেটে।
এবারের আসর শুরুর আগে যেহেতু সবাই তাকে চিনত ও জানত, বিশ্লেষকদের অনেকেরই ধারণা ছিল, কিশোর এই ব্যাটসম্যানের জন্য এবার অপেক্ষায় কঠিন পরীক্ষা। কিন্তু ১৫ বছর বয়সী ছেলেটি যা দেখালেন, সেটি হার মানায় রূপকথাকেও। এক আসরে সবচেয়ে বেশি ছক্কা, আন্তর্জাতিক অভিষেক হওয়ার আগেই প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে ৭০০ রান, আরও একগাদা রেকর্ড গড়ে তিনি আসর শেষ করলেন ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে।
শুধু রেকর্ড আর পরিসংখ্যানই নয়, এমন সব শট মৌসুমজুড়ে তিনি খেলেছেন, এমন কিছু ইনিংস উপহার দিয়েছেন, সবকিছুই যেন কল্পনার সীমা ছাড়িয়ে গেছে।
এমন এক ক্রিকেটারকে নিশ্চয়ই কোনোভাবেই ছাড়তে চাইবে না রাজস্থান। তবে যদি দলের সঙ্গে বনিবনা না হয় এবং নিজেকে নিলামের তালিকায় রাখেন তিনি, তাহলে কত হতে পারে তার পারিশ্রমিক?
আইপিএলের হিন্দি ধারাভাষ্যে এই প্রশ্নটিই তুলেছিলেন হারভাজান সিং। ভারতের স্পিন গ্রেটের প্রশ্নে ব্যাটিং গ্রেট বিরেন্দার শেবাগের ত্বরিত জবাব, সুরিয়াভানশির জন্য ৩০ কোটি রুপি খরচ করতেও কোনো দ্বিধা থাকবে না তার।
আরেক ধারাভাষ্যকার ও সাবেক ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়াও একমত হন শেবাগের সঙ্গে।
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন রিশাভ পান্ত। ২৭ কোটি রুপিতে তিনি খেলছেন এখন লাক্ষ্নৌ সুপার জায়ান্টসে। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংসে খেলছেন শ্রেয়াস আইয়ার।
চুক্তি অনুযায়ী, আরও এক মৌসুম রাজস্থানে খেলতেই হবে সুরিয়াভানশিকে। এরপর নতুন পারিশ্রমিকে তাকে রাজস্থানে ধরে রাখা বা মেগা নিলামে তার নাম তোলার ব্যাপারটি আসবে।