ভারতের চার স্পিনারের জবাবে তিন স্পিনারের অস্ট্রেলিয়া
আবারও টসে হারলেন ভারত অধিনায়ক রোহিত শার্মা, আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ।
টস ভাগ্য আরও একবার মুখ ফিরিয়ে নিয়েছে রোহিত শার্মা থেকে। কোনোভাবেই ওয়ানডেতে এই লড়াইয়ে জিততে পারছেন না তিনি। তবে টস হেরেও অসন্তুষ্ট নন ভারত অধিনায়ক। কারণ, আগে ব্যাটিং নাকি ফিল্ডিং করবেন, দ্বিধায় ছিলেন তারকা এই ব্যাটসম্যান।
দুবাইয়ে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমি-ফাইনালে টস জিতেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এনিয়ে টানা ১১ ওয়ানডেতে টস হারলেন রোহিত। তার চেয়ে টানা বেশি ম্যাচে টস হারার অভিজ্ঞতা আছে কেবল একজন অধিনায়কের। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালে মে পর্যন্ত টানা ১২ ওয়ানডেতে টস জিততে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। রোহিতের সমান টানা ১১ ওয়ানডেতে টস হারেন নেদারল্যান্ডসের পিটার বোরেন; ২০১১ সালের মে থেকে ২০১৩ সালের অগাস্ট পর্যন্ত সময়ে।
২০২৩ বিশ্বকাপের সেমি-ফাইনালের পর আর ওয়ানডেতে টস জিততে পারেনি ভারত! এই সময়ে ভারতের টানা ১৪ টস হারের মধ্যে রোহিতর ১১ ম্যাচ ছাড়া অন্য তিন ম্যাচের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল।
ফাইনালে ওঠার লড়াইয়ে সবশেষ ম্যাচের একাদশেই আস্থা রেখেছে ভারত। অর্থাৎ, অস্ট্রেলিয়ার বিপক্ষেও চার বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামছে তারা। নিউ জিল্যান্ড ম্যাচে চমৎকার বোলিংয়ে ৫ উইকেট নেওয়া রহস্য স্পিনার ভারুন চক্রবর্তী ধরে রেখেছেন জায়গা। তার সঙ্গে আছেন রাভিন্দ্রা জাদেজা, আকসার প্যাটেল ও কুলদিপ ইয়াদাভ।
ভারতের একাদশে বিশেষজ্ঞ পেসার কেবল মোহাম্মদ শামি। আর আছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। চোটে ম্যাথু শর্ট ছিটকে পড়ায় তার জায়গায় ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার কুপার কনোলি।
লেগ স্পিনার তানভির স্যাঙ্ঘাকেও একাদশে রেখেছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত তিনটি করে ওয়ানডে খেলা দুই ক্রিকেটারই টুর্নামেন্টে প্রথমবার খেলতে নামছেন। স্যাঙ্ঘাকে নিয়ে অস্ট্রেলিয়ার একাদশে লেগ স্পিনার হলো দুইজন- আরেকজন অভিজ্ঞ অ্যাডাম জ্যাম্পা। তাদেরকে সাহায্য করতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেডও।
ওয়ানডেতে অস্ট্রেলিয়া-ভারত সবশেষ মুখোমুখি হয়েছিল যে ম্যাচে, সেটি গত কয়েক বছরের মধ্যে স্মরণীয় ম্যাচগুলির একটি। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদে অস্ট্রেলিয়ান পেশাদারিত্বের রথে পিষ্ট হয়েছিল ভারতীয় দল ও দর্শকদের আবেগ ও আশা।
সব মিলিয়ে, আইসিসির ওয়ানডে সংস্করণের টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ১৮বারের দেখায় ১০ ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া। ৭টিতে জয় ভারতের। একটিতে আসেনি ফল।
সামগ্রিকভাবেও ভারতে বিপক্ষে ওয়ানডেতে জয়ের পাল্লা ভারি অস্ট্রেলিয়ার। ১৫১ ম্যাচে মুখোমুখি হয়ে ৮৪টি জিতেছে তারা। ভারতের জয় ৫৭টিতে। ১০ ওয়ানডেতে আসেনি ফল।
অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, কুপার কনোলি, অ্যালেক্স কেয়ারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, তানভির স্যাঙ্ঘা, অ্যাডাম জ্যাম্পা।
ভারত একাদশ: রোহিত শার্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (কিপার), হার্দিক পান্ডিয়া, রাভিন্দ্রা জাদেজা, আকসার প্যাটেল, ভারুন চক্রবর্তী, কুলদিপ ইয়াদাভ, মোহাম্মদ শামি।
