২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরাজ আমার দলের সেরা ক্রিকেটার: শান্ত

মেহেদী হাসান মিরাজের ফর্ম নিয়ে প্রশ্নের কোনো যৌক্তিকতা দেখেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 04:55 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

প্রশ্নটি যদি হয় কোনো শর্ট ডেলিভারি, নাজমুল হোসেন শান্তর উত্তরটি যেন সপাটে পুল শট। মেহেদী হাসান মিরাজের ফর্ম নিয়ে প্রশ্নটি উড়িয়ে দিলেন তিনি। বাংলাদেশ অধিনায়ক জানিয়ে দিলেন এই অলরাউন্ডারের ওপর নিজের প্রবল আস্থার কথাও।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ প্রত্যাশিতভাবেই জিতেছে ২-০ ব্যবধানে। ব্যক্তিগত পারফরম্যান্সে সিরিজটি রাঙিয়েছেন মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, হাসান মুরাদরা। তবে খুব বেশি ছাপ রাখতে পারেননি মিরাজ।

সিরিজের দুই টেস্টে দুই ইনিংস ব্যাট করে তার রান ১৭ ও ৪৭। উইকেট নিয়েছেন দুই টেস্টে পাঁচটি। তার পারফরম্যান্স এমনিতে খারাপ নয়। তবে তার মতো অভিজ্ঞ একজন পারফরমারের কাছে দলের চাওয়া তো আরেকটু বেশি থাকেই। 

এই সিরিজের আগে সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি গত এপ্রিলে শ্রীলঙ্কায়। সেই সফরে একটি টেস্ট খেলে তার রান ছিল ১১ ও ৩১। বল হাতে ৭৫ রান দিয়ে উইকেট পাননি একটিও।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে শান্তর দীর্ঘ সংবাদ সম্মেলনের একদম শেষ প্রশ্নটি হলো মিরাজের ফর্ম নিয়ে। বাংলাদেশ অধিনায়ক যেন আকাশ থেকে পড়লেন।

“মিরাজের অফ ফর্ম? না, মিরাজ তো অফ ফর্মে না! মানে এই প্রশ্নের কোনো যৌক্তিকতা আমি তো দেখলাম না। মিরাজ ফর্মেই আছে। আমার দলের সেরা ক্রিকেটার সে, সত্যি কথা।”

আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ছাড়া এ বছর আর একটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজে একটি সেঞ্চুরি করে ও দুই টেস্টে ১৫ উইকেট নিয়ে সিরিজ-সেরা হয়েছিলেন মিরাজ।

এই টেস্ট শুরুর ঠিক আগে টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে মিরাজকে।