২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘১০ টেস্ট খেলা ক্রিকেটারও এখন স্বপ্ন দেখছে ১০০ টেস্ট খেলার’

মুশফিকুর রহিমের অর্জন এবং সেটির সামগ্রিক উদযাপন দেখে অনুপ্রাণিত হয়ে ১০০ টেস্ট খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের অনেকেই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 07:33 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

কল্পনা আর বাস্তবের ব্যবধান ঘুচিয়ে কেউ যখন অভাবনীয় কিছু অর্জন করে ফেলেন, অনেকের সামনেই তখন খুলে যায় স্বপ্নের দুয়ার। বাংলাদেশ দলের ভেতর সেই আবহও ছড়িয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। মাত্র ক্যারিয়ার শুরু করা কোনো তরুণ ক্রিকেটার, কোনো এক পেস বোলার, তারাও এখন ১০০ টেস্ট খেলার ছবি আঁকছেন হৃদয়ে।

মুশফিকের শততম টেস্টকে ঘিরে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট রূপ নিয়ছিল বাংলাদেশের ক্রিকেটের সামগ্রিক এক উৎসবে। তার মাইলফলক যে শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের ক্রিকেটেরও এক অর্জন, সেটিই ফুটে উঠেছে নানা আয়োজনে। সেখানে শামিল ছিলেন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট প্রায় সব পক্ষই। 

মুশফিকও সেই উপলক্ষ রাঙিয়েছেন সেঞ্চুরি ও ফিফটি করে। গোটা আবহ তাই রঙিন হয়ে উঠেছে আরও। সবটুকুর সমাপ্তি হয়েছে ম্যাচ ও সিরিজ জিতে।

ম্যাচের পর শান্ত সংবাদ সম্মেলনে বললেন, মুশফিকের অর্জন গোটা দলকে উজ্জীবিত করছে ১০০ টেস্টের সীমানা ছুঁতে। 

“এটা খুবই ভালো হয়েছে। আমরা সত্যি বলতে আগে কখনও এই বিষয়টা নিয়ে আলাপই করিনি বা ভাবিওনি যে, আমরা ১০০ টেস্ট খেলতে পারি। যে মুহূর্তে মুশফিক ভাই এটা অর্জন করে ফেলছেন, তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে, সবাই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি যে, ‘আমিও খেলতে চাই।’ কেউ হয়তো ১০ টেস্ট খেলেছে, সেও বলছে যে, আমিও ১০০ টেস্ট খেলতে চাই। এটা একটা ইতিবাচক দিক।”

“মুশি ভাইয়ের সেলিব্রেশন তো ভেতরে-বাইরে একই রকম সবার সামনে এখন ওপেন। আমরা উপভোগ করেছি, সবাই পুরো ম্যাচ উপভোগ করেছে, মুশি ভাই অনেক উপভোগ করেছেন। ভালো সময়। আমি শুনছিলাম ড্রেসিংরুমে একজন পেস বোলার বলছিল যে, ‘আমিও ১০০ টেস্ট খেলতে চাই।’ আমাদের মতো দেশে একটা পেস বোলারের পক্ষে ১০০ টেস্ট খেলা আসলে মুখ দিয়ে বলাটাও অনেক সাহসের ব্যাপার। অন্তত বলেছে তো!”

মুশফিক যেভাবে টেস্ট ক্রিকেটকে লালন করেন, ভালোবাসা দিয়ে লালন করেন হৃদয়ে, শান্তও সেভাবে টেস্ট ক্রিকেটের প্রতি অনুরাগের কথা বলেছেন নানা সময়ে। শত টেস্টের স্বপ্নটা পুষে রাখছেন তিনিও। 

“আমার মনে হয় ৩৯-৪০ টেস্ট হয়েছে, মিরাজের মনে হয় ৫০টার বেশি (৫৬টি)। অনেক দূর যাওয়া বাকি। এত লম্বা চিন্তা না করে একটা একটা টেস্ট যদি আমরা খেলতে পারি, পারফর্ম করতে পারি, যদি কপালে থাকে, আশা করি একদিন অর্জন করতে পারব।”