২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় তামিম

আপাতত তার ঝুঁকি খুব একটা নেই, তবে বাসায় তাকে বিশ্রামে থকতে হবে লম্বা সময়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2025, 02:32 PM

Updated : 26 Aug 2026, 12:22 PM

হার্টে রিং পরানোর চার দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তামিম ইকবাল। আপাতত তার ঝুঁকি খুব একটা নেই। তবে বাসায় লম্বা সময় বিশ্রামে থাকতে হবে, পাশাপাশি মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ। 

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে শুক্রবার দুপুরে বাসায় ফেরেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। 

কিছু পরীক্ষা করাতে ও দাঁতের চিকিৎসার জন্য শনিবার আবার তাকে হাসপাতালে যেতে হবে। এছাড়া বাসায় থাকলেও চিকিৎসকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে তাকে।

অস্ত্রোপচারের পরদিন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর বলেছিলেন, স্বাভাবিক কার্যক্রমে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে তামিমের। তবে অস্ত্রোপচারের ধকল কাটিয়ে শরীর একটু থিতু হওয়ার বাসায় স্বাভাবিক কাজকর্ম ও হাঁটাচলা করতে পারবেন তিনি। 

গত সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে বুকে ব্যথা অনুভব করার পর মাঠ ছাড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। নিকটস্থ কেপিজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর হেলিকপ্টারে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এর মধ্যে শরীর আরও খারাপ করে অচেতন হয়ে পড়েন।  দ্রুতগতিতে সেই হাসপাতালেই ফেরানো হয় তাকে। জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার। দ্রুতই হার্টে স্টেন্ট বসানো হয়। মোহামেডানের ট্রেনার থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় একরকম মৃত্যুর মুখ থেকে ফেরেন তিনি।

পরদিন সন্ধ্যায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়। সেখানে পর্যবেক্ষণে থাকার পর ছাড়া পেয়ে বাসায় ফিরলেন বাংলাদেশের সফলতম ওপেনার।