লাল-সাদায় জাতীয় লিগে রংপুরের ‘ডাবল’
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির পর দীর্ঘ পরিসরের ক্রিকেটেও শিরোপা জিতে নিল রংপুর বিভাগ।
রাজশাহীতে যখন সিলেট ও বরিশালের ম্যাচ একটু একটু করে এগিয়ে যাচ্ছে ড্রয়ের দিকে, বগুড়ায় তখন রংপুরের ক্রিকেটারদের হাসি চওড়া হচ্ছে ক্রমশ। তিন দিনে ম্যাচ জিতে নিজেদের কাজ তারা এগিয়ে রেখেছিল আগের দিনই। বাধা ছিল কেবল ক্রিকেটীয় অনিশ্চয়তার। কিন্তু শেষ দিনে অভাবনীয় কিছু করতে পারেনি সিলেট। অনুমিতভাবেই তাই জাতীয় লিগের চ্যাম্পিয়ন রংপুর।
জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরের চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। বড় দৈর্ঘ্যের ক্রিকেটের এই আসরের আগে এই মৌসুমে জাতীয় লিগ টি-টোয়েন্টতেও শিরোপা জিতেছিল তারা। লাল বল ও সাদা বলের আসর মিলিয়ে এবার তাই ‘ডাবল’ ট্রফিতে নিজেদের রাঙাল আকবর আলির দল।
লিগের শিরোপা লড়াই এবার বেশ জমজমাট ছিল। শেষ রাউন্ড শুরুর সময়ও চারটি দল ছিল চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে।
২৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে শেষ রাউন্ড শুরু করে রংপুর। বগুড়ায় খুলনা বিভাগকে ৭ উইকেটে হারিয়ে তারা পায় ৮ পয়েন্ট।
২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ রাউন্ড শুরু করা সিলেট পারেনি বরিশালকে হারাতে। শেষ দিনে মঙ্গলবার ৮ উইকেটে ২৯৪ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বরিশাল। ১২৮ রানে অপরাজিত থাকেন ওপেনার ইফতিখার হোসেন ইফতি।
প্রথম ইনিংসে ২৫ রানে পিছিয়ে থাকা সিলেটের লক্ষ্য দাঁড়ায় ৩২০। জিততে হলে তাদের প্রয়োজন ছিল আগ্রাসী ব্যাটিং। কিন্তু ৪২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা দল পরে আর সেভাবে জয়ের চেষ্টাই করেনি। ১০৩ বলে ৫৩ রান করে আউট হন মুশফিকুর রহিম। ১১২ বলে ৬১ রানে অপরাজিত থাকেন আসাদুল্লাহ আল গালিব। ৫৯ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান তোলার পর ড্র হয় ম্যাচ।
ড্র করে ২ পয়েন্ট পেয়ে ২৮ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয় সিলেট। ৩১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন রংপুর। ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে শেষ রাউন্ড শুরু করা ময়মনসিংহ হেরে যায় রাজশাহীর কাছে। জাতীয় লিগে অভিষেক মৌসুমে শেষ পর্যন্ত তিন নম্বরে থেকে শেষ করে দলটি।
সাতবারের চ্যাম্পিয়ন খুলনা চতুর্থ হয়ে লিগ শেষ করে ২২ পয়েন্ট নিয়ে। ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম বরিশাল। এক পয়েন্ট পেছনে থেকে ছয়ে চট্টগ্রাম। সাতবার শিরোপাজয়ী ঢাকা বিভাগ এবার হয় সপ্তম, ছয়বারের চ্যাম্পিয়ন রাজশাহী এবার লিগ শেষ করে আট দলের মধ্যে অষ্টম হয়ে।
