২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে দিয়ে ২২ বছর পর টেস্ট ফিরছে ডারউইনে

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 12:44 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

বাংলাদেশের ম্যাচ দিয়ে টেস্ট ভেন্যু হিসেবে আবির্ভাব হয়েছিল মারারা ওভালের। ডারউইনের এই মাঠে বাংলাদেশকে দিয়েই আবার টেস্ট ক্রিকেট ফিরছে ২২ বছর পর। 

আগামী বছরের অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুটি টেস্ট নর্দান টেরিটরিতে হবে, তা নিশ্চিত ছিল আগেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী এবার নিশ্চিত করেছেন, ম্যাচ দুটি হবে ম্যাকাই ও ডারউইনে।

আগামী অগাস্টে হবে সিরিজটি। তারিখ চূড়ান্ত হবে আগামী মাসে। 

সফরটি হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চে। সেক্ষেত্রে হয়তো অস্ট্রেলিয়ার মূল ভেন্যুগুলোতেই খেলার সুযোগ পেত বাংলাদেশ। কিন্তু টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উপলক্ষে মার্চে ইংল্যান্ডের সঙ্গে বিশেষ একটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের সফর তাই এগিয়ে আনা হয়েছে আগামী বছরের অগাস্টে।

জুলাই-অগাস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ান গ্রীষ্ম পুরোপুরি শুরু হয় না বলে এই সময়ে সাধারণত ম্যাচ আয়োজন করা হয় নর্দান টেরিটরিতে। ২০০৩ সালের জুলাইয়ে যেমন বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়েই ডারউইনের যাত্রা শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটে। পরের বছরের জুলাইয়েই এখানে শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত সেটিই এই মাঠের শেষ টেস্ট।

এই মাঠে ওয়ানডে হয়েছে চারটি। প্রতিটিতেই অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। প্রথমটি ২০০৩ সালে, পরেরটি ২০০৮ সালে। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে এখানে গত অগাস্টে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লড়েছে অস্ট্রেলিয়া।

নর্দান টেরিটরিতে ডারউইনের সঙ্গে আগে আরেকটি মূল ভেন্যু ছিল কেয়ার্নস। বাংলাদেশ সেখানেও খেলেছে টেস্ট। তবে গত কয়েক বছরে সেই ভেন্যু পিছিয়ে পড়েছে, উত্থান হয়েছে ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। ১৯৯২ বিশ্বকাপে এই মাঠে একটি ম্যাচ থাকলেও পরে দীর্ঘদিন আর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি সেখানে। 

পরে সংস্কার করে আধুনিক রূপে গড়ে তোলা হয় এই মাঠ। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে এখানে নিয়মিতই। গত অগাস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দিয়ে ছেলেদের ক্রিকেটের যাত্রাও শুরু হয় এখানে। এবার বাংলাদেশের ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হবে ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই মাঠের।