বিশ্বকাপের আগে আফগান ও লঙ্কানদের নিয়ে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানে
প্রথমবারের মতো ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ভাবনায় রেখে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। চলতি বছরের শেষ দিকে ঘরের মাঠে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে সিরিজটি খেলবে তারা।
আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এর আগে নভেম্বরে এই সংস্করণের ত্রিদেশীয় সিরিজটি খেলবে আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
এশিয়া কাপ সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে এখন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান ও আফগানিস্তান। ফাইনালে রোববার মুখোমুখি হবে দল দুটি।
প্রথমবারের মতো ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আগামী ১৭ নভেম্বর শুরু হয়ে যা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
রাওয়ালপিন্ডিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। এক দিন পর একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে আফগানরা।
সিরিজের বাকি ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২২ নভেম্বর পাকিস্তানের প্রতিপক্ষ থাকবে শ্রীলঙ্কা। পরদিন স্বাগতিকরা দ্বিতীয় দেখায় লড়বে আফগানদের বিপক্ষে।
গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ ২৫ ও ২৭ নভেম্বর; শ্রীলঙ্কা-আফগানিস্তান ও পাকিস্তান-শ্রীলঙ্কা।
ত্রিদেশীয় সিরিজটির আগে অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে লড়বে তারা।
