২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বছর পর পিএসএলে ফিরে ওভারে ২৭ রান, ২৪ বলে শারজিলের ফিফটি

পিএসএলে ফেরার উপলক্ষ ঝড়ো ফিফটিতে রাঙালেন জাতীয় দলের বাইরে থাকা পাকিস্তানের ব্যাটসম্যান।

৩ বছর পর পিএসএলে ফিরে ওভারে ২৭ রান, ২৪ বলে শারজিলের ফিফটি
ফিফটির পর শারজিল খান। ছবি: পিএসএল ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 12:01 AM

Updated : 26 Aug 2026, 03:17 PM

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফেরার উপলক্ষ দারুণ ব্যাটিংয়ে রাঙালেন শারজিল খান। তিন বছর পর এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নেমে ঝড়ো ফিফটি উপহার দিলেন জাতীয় দলের বাইরে থাকা পাকিস্তানের ব্যাটসম্যান।

হায়দরাবাদ কিংসমেনের হয়ে মুলতান সুলতানসের বিপক্ষে ২৬ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন শারজিল। তিন চার ও চার ছক্কায় গড়া ৩৬ বছর বয়সী ব্যাটসম্যানের ইনিংসটি। ফিফটি করেন ২৪ বলে।

এমনিতে শারজিল ওপেনার হলেও, লাহোরে বুধবার তাকে ব্যাটিংয়ে নামানো হয় পাঁচ নম্বরে। তরুণ সম্ভাবনাময় ব্যাটসম্যান মাজ সাদাকাত ২৬ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে দশম ওভারে আউট হওয়ার পর উইকেটে যান তিনি।

প্রথম সাত বলে শারজিলের রান ছিল ছয়। এরপর মোহাম্মাদ নাওয়াজকে পরপর চার ও ছক্কা মেরে ডানা মেলে দেন তিনি।

১৮তম ওভারে শারজিল তাণ্ডব চালান বাঁহাতি পেসার শেহজাদ গুলের ওপর। এই ওভারে তিনটি ছক্কা, দুটি চার ও একটি সিঙ্গলে তিনি একাই নেন ২৭ রান। দুটি ‘নো’ বলসহ মোট ৩০ রান আসে ওভারটিতে।

১৭তম ওভার শেষে ১৬ বলে ২২ থেকে ১৮তম ওভার শেষে শারজিলের রান হয়ে যায় ২৩ বলে ৪৯!

পরের ওভারে পিটার সিডলের দ্বিতীয় বলে সিঙ্গল নিয়ে পঞ্চাশে পা রাখেন তিনি। এরপর ইনিংসের বাকি ১০ বলের কেবল একটিই খেলার সুযোগ পান বাঁহাতি এই ব্যাটসম্যান।

২০ ওভারে পাঁচ উইকেটে ২২৫ রানের বড় পুঁজি গড়ে কিংসমেন। 

শারজিল সবশেষ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছিলেন পিএসএলেই, ২০২৩ সালে করাচি কিংসের হয়ে। তারপর থেকে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের তিন আসরে ও ২০২৪-২৫ চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপেও খেলেন তিনি। কিন্তু পিএসএলে আর সুযোগ পাচ্ছিলেন না। 

এবার তাকে দলে নেয় পিএসএলের দুই নবাগত দলের একটি কিংসমেন। আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে হারের পর, তৃতীয় ম্যাচে এসে শারজিলকে একাদশে সুযোগ দেয় মার্নাস লাবুশেনের নেতৃত্বাধীন দলটি। সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন সবশেষ ২০২১ সালে পাকিস্তানের হয়ে খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান।