২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই আফ্রিদি

ম্যাচ শুরুর আগের দিন অভিজ্ঞ এই পেসারকে ছাড়া ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2024, 05:35 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

পাকিস্তান টেস্ট দলে জায়গা হারিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। অভিজ্ঞ এই পেসারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জন্য স্কোয়াড সাজিয়েছে স্বাগতিকরা।

রাওয়ালপিন্ডিতে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু শুক্রবার। আগের দিন ম্যাচটির জন্য ১২ জনের দল দিয়েছে পাকিস্তান। দুই ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে আছে স্বাগতিকরা।

একই মাঠে প্রথম টেস্ট পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। প্রথমবারের মতো পায় দলটির বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ। ওই ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি আফ্রিদি। প্রথম ইনিংসে ৮৮ রান দিয়ে নেন ২ উইকেট। 

প্রথম টেস্ট শেষে সদ্য জন্ম নেওয়া সন্তানকে দেখতে পরিবারের কাছে যান আফ্রিদি। দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে দলের সঙ্গে যোগ দেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা হলো না তার।

পাকিস্তানের প্রধান কোচ জেসন গিলেস্পি অবশ্য আফ্রিদিকে বাদ দেওয়ার কথা সরাসরি বলেননি। বাঁহাতি পেসারের কার্যকারিতা আরও বাড়ানোর জন্য কাজ করতে বাইরে রাখার বিষয়টি তুলে ধরেন তিনি বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে।

“শাহিন (আফ্রিদি) এই ম্যাচের দলে নেই। তার সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে এবং সে এর পেছনের চিন্তাভাবনা পুরোপুরি বুঝেছে এবং উপলব্ধি করছে। শাহিনকে কিছু ফিডব্যাক দেওয়া হয়েছে। সে তার বোলিংয়ের কিছু বিষয় নিয়ে কাজ করছে, যাতে সে যতটা সম্ভব কার্যকর হতে পারে।”

“আজহার মাহমুদের সঙ্গে দারুণ কাজ করছে সে। আমরা শাহিনকে তার সেরা রূপে দেখতে চাই, কারণ সব সংস্করণে অনেক খেলা রয়েছে এবং এখানে সে সত্যিই বড় ভূমিকা পালন করবে।”

আফ্রিদি ছাড়াও ১২ সদস্যের দলে জায়গা হয়নি আমের জামাল, কামরান গুলাম, মোহাম্মদ হুরাইরা ও সরফারাজ আহমেদের। বুধবার দলে ফেরানো আবরার আহমেদকে এবার রেখেছে পাকিস্তান। প্রথম টেস্টের আগে এই লেগ স্পিনারকে ছেড়ে দিয়েছিল তারা।

দলে আছেন গত জানুয়ারিতে সবশেষ টেস্ট খেলা মির হামজা। ৫ টেস্টে এখন পর্যন্ত ৯ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। পেস বিভাগে তার সঙ্গে আছেন মোহাম্মদ আলি, নাসিম শাহ ও খুররাম শাহজাদ। 

দ্বিতীয় টেস্টের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল, আবরার আহমেদ, আবদুল্লাহ শাফিক, বাবর আজম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আঘা।