০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

গাম্ভিরের ভারতকে ‘অধারাবাহিক’ বললেন ওয়াটসন

এর পেছনের কারণও ব্যাখ্যা করেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার।

গাম্ভিরের ভারতকে ‘অধারাবাহিক’ বললেন ওয়াটসন

গৌতাম গাম্ভির। ছবি: আইসিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 10:18 PM

Updated : 09 Oct 2026, 10:18 PM

এক সংস্করণে সফল তো আরেক সংস্করণে ব্যর্থ; গৌতাম গাম্ভিরের কোচিংয়ে ‘এভাবেই কাটছে’ ভারত দলের সময়। সব সংস্করণে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার খুঁজে পেয়েছেন ভারতের অধারাবাহিকতার কারণ।

২০২৪ সালের মাঝামাঝি সময়ে ভারত দলের প্রধান কোচের দায়িত্ব নেন গাম্ভির। তার কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এশিয়ার দলটি। তবে টেস্টে দলটির পারফরম্যান্সের অবনতি হয়েছে উল্লেখযোগ্যভাবে।

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় তারা। নিজেদের আঙিনায় লাল বলের সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। এছাড়া চলতি বছর কিউইদের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজেও হেরেছে দলটির।

গত ১২ মাসে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে হারের তেতো স্বাদ পেয়েছে দলটি। এ বছরের জুলাইয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে ভারত।

প্রাইম ভিডিওর ইউটিউব চ্যানেলে আলোচনার সময় ওয়াটসন বলেন, বিভিন্ন সংস্করণে ভারতের ধারাবাহিকতা নষ্ট হওয়ার পেছনে বড় কারণ একাদশ ও ব্যাটিং অর্ডারে ঘন ঘন পরিবর্তন।

“যে বিষয়টি আমরা দেখছি এবং যে কারণে গাম্ভিরের কোচিংয়ে ভারত অধারাবাহিক, সেটা হলো সবসময় ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা। খেলোয়াড়রা নিয়মিত দলে আসছে, বাদ পড়ছে। যখন দল অস্থির থাকে- সেটা ব্যাটিং অর্ডারেই হোক কিংবা খেলোয়াড়দের আসা-যাওয়ার ক্ষেত্রে, তখন দলের ধারাবাহিক হওয়া কঠিন। আর এ কারণেই ভারত খুবই অধারাবাহিক পারফর্ম করছে।”

তবে গাম্ভিরের কোচিংয়ের কিছু দিক ভালোও লেগেছে ওয়াটসনের। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাঞ্জু স্যামসনের ওপর বিশ্বাস রাখার বিষয়টি উল্লেখ করেছেন তিনি। আস্থার প্রতিদান দিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ভারতের শিরোপা জয়ে বড় অবদান রাখেন স্যামসন।

“ভারতীয় দলে অসাধারণ অনেক কিছু যোগ করেছেন গাম্ভির, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সাঞ্জু স্যামসনের মতো খেলোয়াড়দের পাশে দাঁড়ানো এবং তাকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে দারুণ কাজ করেছেন তিনি। গাম্ভিরের বিশ্বাসের প্রতিদান দিয়েছে স্যামসনও এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষভাগে চমৎকার পারফর্ম করেছে সে। সুতরাং গাম্ভিরের অনেক ইতিবাচক দিকও রয়েছে।”

ওয়াটসনের মতে, দলে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভারতকে সব সংস্করণেই হারানো কঠিন হয়ে যাবে।

“তবে আমার মনে হয়, গাম্ভিরের কোচিংয়ে দলে অতিরিক্ত রদবদল হচ্ছে। দলে কিছুটা ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। বিশ্ব ক্রিকেটের স্বার্থে তারা যদি সেটি করতে পারে, তবে তাদের হারানো অসম্ভব হয়ে উঠবে।”