Published : 22 Jun 2026, 12:53 PM
মড়ার ওপর খাঁড়ার ঘা বুঝি একেই বলে। মাঠের বাইরের বিতর্কে জেরবার ইংল্যান্ড মাঠের লড়াইয়েও বড় ব্যবধানে হেরে গেছে ওভাল টেস্টে। সেই ক্ষত টাটকা থাকতেই তাদের জন্য বাড়তি আঘাত। বড় অঙ্কের জরিমানা হয়েছে ইংলিশদের, পাশাপাশি কাটা গেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে মহামূল্য পয়েন্ট।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে মন্থর ওভার-রেটের কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনতে হবে ইংলিশ ক্রিকেটারদের। টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা হারাচ্ছে ১২ পয়েন্ট।
বিভিন্ন কারণে দেরি হওয়ার সব সময়সীমা বিবেচনা করার পর দেখা যায়, নির্ধারিত সময়ে ১২ ওভারের ঘাটতি ছিল তাদের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতি ওভার কমের জন্য একটি দলের এক পয়েন্ট করে কাটা হয়।
আর্থিক জরিমার ক্ষেত্রে আইসিসির আচরণবিধিতে বলা হয়েছে, প্রতি ওভার ঘাটতির জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হবে। তবে এর সর্বোচ্চ সীমা ৫০ শতাংশ, যা ইংল্যান্ডের ক্ষেত্রে কার্যকর হয়েছে।
মাঠের আম্পায়ার এড্রিয়ান হোল্ডস্টক ও নিতিন মেনন, তৃতীয় আম্পায়ার রড টাকার এবং চতুর্থ আম্পায়ার গ্রাহাম লয়েড অভিযোগগুলো এনেছিলেন। শৃঙ্খলাজনিত কারণে মাঠের বাইরে থাকা বেন স্টোকসের পরিবর্তে অধিনায়কের দায়িত্বে জো রুট দায় স্বীকার করে নেওয়ায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে কোনো শুনানির প্রয়োজন হয়নি।
সিরিজের প্রথম টেস্টে লর্ডসে ১১৫ রানে জয়ী ইংল্যান্ড ওভালে হেরে গেছে ২৫৩ রানে। সিরিজ নির্ধারণী টেস্ট ট্রেন্ট ব্রিজে শুরু বৃহস্পতিবার।
১২ পয়েন্ট কেটে নেওয়ার পর টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৮ পয়েন্ট নিয়ে এখন ৯ দলের মধ্যে সপ্তম স্থানে আছে ইংল্যান্ড। ১২ টেস্ট খেলে তাদের পয়েন্টের শতকরা হার ২৬.৩৯। ৮ টেস্ট খেলে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টের হার ৪ টেস্ট খেলে ৭৫ শতাংশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ধীরগতির ওভার-রেটের জন্য এই নিয়ে দ্বিতীয়বার ইংল্যান্ডের পয়েন্ট কাটা গেল। গত বছর লর্ডসে ভারতের বিপক্ষে ২২ রানের জয়ের ম্যাচেও একই কারণ তাদের দুই পয়েন্ট কাটা গিয়েছিল। ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত চলা আগের চক্রে একই কারণে ২২ পয়েন্ট হারিয়ে পঞ্চম স্থানে শেষ করেছিল ইংল্যান্ড।