পার্থ টেস্টের মাঝে আইপিএল নিলাম ভনের কাছে হাস্যকর
ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, দেশের প্রতিনিধিত্ব করার সময় নিলামের টেবিলে হয়তো মন পড়ে থাকবে অস্ট্রেলিয়া ও ভারতের কোনো কোনো ক্রিকেটারের।
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের মাঝপথে আইপিএলের মেগা নিলাম আয়োজনের সিদ্ধান্ত একদমই পছন্দ হয়নি মাইকেল ভনের। ইংল্যান্ডে সাবেক অধিনায়কের মনে হচ্ছে, দেশের প্রতিনিধিত্ব করার সময় হয়তো নিলামের টেবিলে মন পড়ে থাকবে অস্ট্রেলিয়া ও ভারতের কোনো কোনো ক্রিকেটারের।
পার্থে আগামী শুক্রবার শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী টেস্ট সিরিজ। আর সৌদি আরবের রিয়াদে রোববার ও সোমবার হবে ২০২৫ আইপিএলের নিলাম।
আইপিএল নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন মোট এক হাজার ৫৭৪ ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার বিবেচনায় চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৫৭৪ জন। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার ৩৬৬ জন, বিদেশি ২০৮ জন। বিদেশিদের মধ্যে অস্ট্রেলিয়ানই আছেন ৩৭জন।
ভারতের ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ঘিরে এমনিতেই বিশ্ব জুড়ে ক্রিকেটারদের থাকে তুমুল আগ্রহ। নিলামের টেবিলে নিজেকে নিয়ে টানাটানি দেখতে অধীর অপেক্ষায় থাকেন ক্রিকেটাররা। তাই টেস্ট চলার মাঝে আইপিএলের নিলাম আয়োজনের সিদ্ধান্ত একেবারেই পছন্দ হচ্ছে না ভনের।
কোডস্পোর্টসের সঙ্গে আলাপকালে ইংল্যান্ডের হয়ে ৮২ টেস্ট, ৮৬ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলা ভন বলেন, দুই টেস্টের মাঝের লম্বা বিরতির সময় নিলামটি আয়োজন করতে পারত বিসিসিআই।
“(বোর্ডার-গাভাস্কার ট্রফির) প্রথম টেস্টের মাঝপথে তারা আইপিএলের নিলাম আয়োজন করেছে, আমি এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারছি না। আমার মতে, এটা হাস্যকর।”
“প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝে ৯ দিনের একটি বিরতি আছে। যখন আপনি জানেন যে, টেস্ট ম্যাচ খেলার কারণে ক্রিকেটাররা চাপে থাকবে, তখন কেন এটি করতে হবে।”
প্রথম টেস্টের আগে কোনো প্রস্তুতি ম্যাচ নেই ভারতের। তবে ৬ ডিসেম্বর অ্যাডিলেইড টেস্টের আগে প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে দুই দিনের একটি ম্যাচ খেলবে সফরকারীরা।
