বুমরাহ-রোহিতদের মুখোমুখি হওয়ার আগে শেফিল্ড শিল্ডে স্মিথ-স্টার্ক
ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্য দীর্ঘদিন পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলবেন মিচেল স্টার্ক ও স্টিভেন স্মিথ।
অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকায় ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা হয়েই ওঠে না মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথের মতো তারকাদের। তবে সাড়ে তিন বছরের বেশি সময় পর দুজনই খেলবেন শেফিল্ড শিল্ডের অন্তত একটি রাউন্ডে। নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে খেলবেন এই দুই তারকা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চার দিনের ম্যাচটি শুরু রোববার।
বলার অপেক্ষা রাখে না, ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সিরিজকে ভাবনায় রেখেই স্টার্ক-স্মিথের প্রস্তুতির অংশ এটি। বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচ সিরিজের মহারণ শুরু আগামী ২২ নভেম্বর।
স্মিথ শেফিল্ড শিল্ডে সবশেষ খেলেছেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভিক্টোরিয়ার বিপক্ষেই। স্টার্ক সবশেষ খেলেছেন ওই বছরের এপ্রিলে কুইন্সল্যান্ডের বিপক্ষে শিল্ড ফাইনালে।
টেস্ট ক্রিকেটের বাইরে স্টার্কের সবশেষ প্রথম শ্রেণির ম্যাচও সেটিই। স্মিথ গত বছর কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিনটি ম্যাচ খেলেছেন সাসেক্সের হয়ে।
চোট কাটিয়ে ভিক্টোরিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে এই ম্যাচে খেলবেন শট অ্যাবটও। বোর্ডার-গাভাস্কার ট্রফির অস্ট্রেলিয়া স্কোয়াডে জায়গার দাবি জানানোর সুযোগ পাবেন এই পেসার।
অস্ট্রেলিয়ার মূল স্পিনার ন্যাথান লায়নও আছেন নিউ সাউথ ওয়েলসের এই ম্যাচে। বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ম্যাচ অনুশীলন সবচেয়ে বেশি হচ্ছে তারই। এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের হয়ে আট ম্যাচে ২৬ উইকেট শিকার করা অফ স্পিনার শেফিল্ড শিল্ডে প্রথম ম্যাচেই শিকার করেছেন আট উইকেট।
স্টার্ক-সিমথ-লায়নদের নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ভিক্টোরিয়ার একাদশে খেলবেন টেস্ট স্কোয়াডে জায়গা প্রত্যাশী পেসার স্কট বোল্যান্ড।
অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ও পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য জশ হেইজেলউড অবশ্য বোর্ডার-গাভাস্কার ট্রফির আগে লাল বলের ক্রিকেটে কোনো ম্যাচ খেলবেন না। বরং পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ঘরোয়া ওয়ানডে কাপের ম্যাচ খেলবেন দুই পেসারই।
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৪ নভেম্বর।
