২০ বছরের নিষেধাজ্ঞা পাওয়া সাবেক লঙ্কান ব্যাটসম্যানের আবার ১০ বছরের নিষেধাজ্ঞা
নারী ক্রিকেটারের সঙ্গে অনুপযুক্ত আচরণের কারণে ২০ বছরের নিষেধাজ্ঞা পাওয়ার পর এবার ভিন্ন ঘটনায় ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হলো শ্রীলঙ্কার সাবেক টেস্ট ব্যাটসম্যান দুলিপ সামারাবিরাকে।
২০ বছরের নিষেধাজ্ঞা পাওয়ার পর এখনও দুই মাস পেরোয়নি। দুলিপ সামারাবিরা খবরের শিরোণামে এলেন আবারও। অভিযোগ সেই একইরকম, তবে ঘটনা ভিন্ন। অস্ট্রেলিয়ায় অন্য এক নারী ক্রিকেটারের সঙ্গে অনুপযুক্ত আচরণের দায়ে এবার শ্রীলঙ্কার সাবেক এই ব্যাটসম্যানকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করল ক্রিকেট অস্ট্রেলিয়া।
নারী ক্রিকেটারের সঙ্গে অসঙ্গত আচরণের দায়েই গত ১৯ সেপ্টেম্বর সামারাবিরাকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করার কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স তখন বিবৃতিতে বলেছিলেন, ৫২ বছর বয়সী এই কোচের আচরণ ‘চরম নিন্দনীয়’ এবং ‘আমাদের সব ধরনের অবস্থানের সঙ্গে পুরোপুরি বিশ্বাসঘাতকতা।’
এবারের ঘটনা অন্য আরেক নারী ক্রিকেটারের সঙ্গে। সামারাবিরা ‘প্রাইভেট’ কোচ হিসেবে কাজ করার সময়ের ঘটনা সেটি, তবে তখনও তিনি ক্রিকেট ভিক্টোরিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ।
নতুন করে পাওয়া এই ১০ বছরের নিষেধাজ্ঞা তার আগের ২০ বছরের সঙ্গে বাড়তি যোগ হবে না, বরং এর মধ্যেই থাকবে। যেটির মানে, ক্রিকেট অস্ট্রেলিয়া, রাজ্য অ্যাসোসিয়েশনগুলো, বিগ ব্যাশ বা মেয়েদের বিগ ব্যাশ, কোথাও তিনি কোনো ধরনের কাজ করতে পারবেন না ২০৪৪ সাল পর্যন্ত। ততদিনে তার বয়স হবে ৭২ বছর।
১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে সাত টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলেছেন সামারাবিরা। ঢাকার ক্লাব ক্রিকেটেও তখন তিনি ছিলেন বড় নাম। অনেক স্মরণীয় ইনিংস তিনি উপহার দিয়েছেন ঢাকা লিগে। পরে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং কোচিংয়ে নাম লেখান। ব্যক্তিগত কোচিং করানোর পাশাপাশি তিনি প্রায় ১৬ বছর কাজ করেছেন ক্রিকেট ভিক্টোরিয়ার উইমেন’স প্রোগ্রামের কোচ হিসেবে।
২০১৫ সালে উইমেন’স বিগ ব্যাশের প্রথম আসর থেকেই তিনি ছিলেন মেলবোর্ন স্টার্সের সহকারী কোচ। গত মৌসুমের বেশির ভাগ সময় ছিলেন ভারপ্রাপ্ত প্রধান কোচ। এই মৌসুমে তার মূল কোচ হিসেবেই দায়িত্ব নেওয়ার কথা ছিল।
দুলিপ সামারাবিরার ছোট ভাই থিলান সামারাবিরা ক্রিকেট বিশ্বে আরও অনেক বেশি পরিচিত নাম। শ্রীলঙ্কার হয়ে ৮১ টেস্ট ও ৫৩ ওয়ানডে তিনি খেলেছেন। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা ছাড়াও নানা দলে দায়িত্ব পালন করেছেন তিনি।
ছোট ভাইকে মেলবোর্ন স্টার্সের কোচিং স্টাফে যোগ করতে চেয়েও বিতর্কে জড়িয়েছিলেন দুলিপ সামারাবিরা।
