২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিস্ময়-বালক’ সুরিয়াভানশির ছক্কার রেকর্ড

যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা মারা ক্রিকেটার এখন ভারতের ১৪ বছর বয়সী বৈভাব সুরিয়াভানশি।

‘বিস্ময়-বালক’ সুরিয়াভানশির ছক্কার রেকর্ড
বৈভাব সুরিয়াভানশি। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 03:30 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

বয়স কেবল ১৪ বছর। এই বয়সেই ব্যাট হাতে যা করে চলেছেন বৈভাভ সুরিয়াভানশি, তা সত্যিই অবিশ্বাস্য। আগেই অনেক রেকর্ড গড়া ভারতের এই বিস্ময়-বালকের অর্জনের মুকুটে যোগ হয়েছে আরেকটি পালক। 

যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি নিজের করে নিয়েছেন সুরিয়াভানশি। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বুধবার ৬টি ছক্কা হাঁকিয়ে টপকে গেছেন তিনি স্বদেশি উন্মুখ চাঁদকে।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২১ ওয়ানডে খেলে ৩৮ ছক্কা মেরেছিলেন উন্মুখ চাঁদ। তাকে পেছনে ফেলতে সুরিয়াভানশির লাগল কেবল ১০ ম্যাচ। বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যানের নামের পাশে ছক্কা এখন ৪১টি।

৩০ বা এর বেশি ছক্কা মারতে পেরেছেন আর কেবল চার জন। ৩৫ ছক্কা মেরে তালিকায় তিনে বাংলাদেশের জাওয়াদ আবরার। পাকিস্তানের শাহজাইব খানের ছক্কা ৩১টি। ভারতের ইয়াশাসভি জয়সওয়াল ও বাংলাদেশের তাওহিদ হৃদয় মেরেছেন ৩০টি করে ছক্কা।

ব্রিজবেনে এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতকে ভালো শুরু এনে দেন সুরিয়াভানশি। ইনিংস শুরু করতে নেমে ৬৮ বলে ৭০ রান করেন তিনি, ৫টি চারের সঙ্গে মারের ৬টি ছক্কা।

উন্মুখ চাঁদের ছক্কার রেকর্ড ভাঙতে এই ম্যাচে সুরিয়াভানশির প্রয়োজন ছিল ৪টি ছক্কা। ম্যাচের ত্রয়োদশ ওভারে চতুর্থ ছক্কাটি মেরে উন্মুখ চাঁদকে পেছনে ফেলে দেন তিনি। পরে বাউন্ডারির বাইরে উড়িয়ে বল ফেলেন আরও দুইবার।

১ ছক্কা ও ৭ চারে ৭৪ বলে ৭০ রান করেন বিহান মালহোত্রা। ২ ছক্কা ও ৫ চারে ৬৪ বলে ৭১ রানের ইনিংস খেলেন কুন্ডু। ৪৯.৪ ওভারে ৩০০ রান করে ভারত। 

যুব ওয়ানডেতে এখন পর্যন্ত একটি সেঞ্চুরি করেছেন সুরিয়াভানশি। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৭৮ বলে খেলেছিলেন ১৪৩ রানের ইনিংস। তার সেই বিস্ফোরক ইনিংস ঝড় তুলেছিল রেকর্ড বইয়ে।

১৪ বছর ১০০ দিন বয়সে ইনিংসটি খেলে যুব ওয়ানডেতে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েন সুরিয়াভানশি। ইনিংসের পথে ৫২ বলে শতক স্পর্শ করেন তিনি। যুবাদের এই সংস্করণে যা দ্রুততম। ওই ইনিংসে ১০টি ছক্কা মারেন সুরিয়াভানশি, ভারতের হয়ে এক ম্যাচে যা সর্বোচ্চ।

শুধু তাই নয়, আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি উপহার দেন সুরিয়াভানশি। ভারতের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম।

গুজরাট টাইটান্সের বিপক্ষে রেকর্ডটি গড়ার ম্যাচে ১১ ছক্কায় ৩৮ বলে ১০১ রান করেছিলেন রাজস্থান রয়্যালসের সুরিয়াভানশি। ১৪ বছর ৩২ দিন বয়সে ইনিংসটি খেলেছিলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮ বছরের কম বয়সী কোনো ক্রিকেটারের যা প্রথম সেঞ্চুরি।