২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঞ্জিতে দেড়শ করার পরদিন ভারতের টেস্ট দলে ওয়াশিংটন

ঘরোয়া ক্রিকেটের ম্যাচে টপ অর্ডারে নেমে সেঞ্চুরির পর নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের দলে ডাক পেলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।

রাঞ্জিতে দেড়শ করার পরদিন ভারতের টেস্ট দলে ওয়াশিংটন
রাঞ্জি ট্রফির ম্যাচে তিন নম্বরে নেমে সেঞ্চুরির পর ওয়াশিংটন সুন্দার। ছবি: বিসিসিআই ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2024, 08:37 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

চলমান রাঞ্জি ট্রফিতে তামিল নাড়ুর হয়ে দারুণ সেঞ্চুরির পুরস্কার পেলেন ওয়াশিংটন সুন্দার। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টের দলে ডাক পেলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। 

বেঙ্গালুরুতে প্রথম টেস্টে রোববার ৮ উইকেটে হারের পর ২৫ বছর বয়সী ওয়াশিংটনকে দলে অন্তর্ভুক্ত করার কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। সিরিজ শুরুর আগে ঘোষিত ১৫ সদস্যের দলে কোনো পরিবর্তন আনা হয়নি।

সাম্প্রতিক সময়ে ভারতের সাদা বলের দলে ছিলেন ওয়াশিংটন। তবে ২০২১ সালের মার্চের পর থেকে তিনি টেস্ট খেলেননি। যদিও এই বছরের শুরুতে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রাভিন্দ্রা জাদেজা চোটে পড়লে তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছিল ওয়াশিংটনকে।  

এখন পর্যন্ত ওয়াশিংটন খেলেছেন চারটি টেস্ট। সবকটিই ২০২০-২১ মৌসুমে, যখন চোটে বাইরে ছিলেন জাদেজা। ওই চার ম্যাচের ৬ ইনিংসে ব্যাট হাতে তিনি ফিফটি করেন ৩টি, ৬৬.২৫ গড়ে রান করেন ২৬৫। অফ স্পিনে উইকেট নেন ৬টি। অভিষেকে ২০২১ সালের জানুয়ারিতে ব্রিজবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩২৮ রানের লক্ষ্য তাড়ায় ভারতের স্মরণীয় জয়ে তিনি রাখেন উল্লেখযোগ্য অবদান। বল হাতে ম্যাচে ৪ উইকেটের পাশাপাশি দুই ইনিংসে খেলেছিলেন ৬২ ও ২২ রানের মূল্যবান দুটি ইনিংস।        

ওই মৌসুমের শেষ দিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা সিরিজেও আলো ছড়ান তিনি। চেন্নাইয়ে প্রথম টেস্টে সাতে নেমে খেলেন অপরাজিত ৮৫ রানের ইনিংস। আহমেদাবাদে চতুর্থ টেস্টে আটে নেমে করেন ১৭৪ বলে অপরাজিত ৯৬ রান।

ভারতের তখনকার প্রধান কোচ রাভি শাস্ত্রী ইএসপিএনক্রিকইনফোকে বলেছিলেন, ওয়াশিংটন হবেন ‘তিন ফরম্যাটেই ভারতের মূল অলরাউন্ডার।’ তবে একের পর এক চোটে ক্যারিয়ার বাধাগ্রস্ত হয়েছে তার। 

রাঞ্জি ট্রফিতে দিল্লির বিপক্ষে চলমান ম্যাচে ব্যাটিং অর্ডারে তাকে তিন নম্বরে তুলে আনে তামিল নাড়ু। শনিবার ম্যাচের দ্বিতীয় দিন প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরিতে তিনি খেলেন ২৬৯ বলে ১৫২ রানের চমৎকার ইনিংস। পরে বলেন, নিজেকে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করেন তিনি। টিম ম্যানেজমেন্টই তাকে ব্যাটিং অর্ডারে ওপরে তুলে আনার সিদ্ধান্ত নিয়েছে। 

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে ওয়াশিংটনের ভূমিকা কী হবে, তা এখনও স্পষ্ট নয়। বেঙ্গালুরু টেস্টে স্বাগতিকরা তিন স্পিনার হিসেবে খেলিয়েছে জাদেজা, রাভিচান্দ্রান অশ্বিন ও কুলদিপ ইয়াদাভকে। দলের সঙ্গে আছেন আকসার প্যাটেলও। জাদেজা, অশ্বিন ও আকসার অলরাউন্ডার।

ধারণা করা হচ্ছে, ওয়াশিংটনকে তার বোলিংয়ের পরিবর্তে টপ অর্ডারের কাভার হিসেবে দলে নেওয়া হয়েছে। দলের তিন নম্বরের প্রথম পছন্দ শুবমান গিলের দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও শঙ্কা আছে। ঘাড়ের চোটে প্রথম টেস্টে তিনি খেলতে পারেননি। ওই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৯৯ রান করা রিশাভ পান্ত হাঁটুর সমস্যায় বেশিরভাগ সময় কিপিং করেননি।

ম্যাচ শেষে অধিনায়ক রোহিত শার্মা বলেছেন, পান্তকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে তাদের। ২০২২ সালের ডিসেম্বরে মারাত্মক গাড়ি দুর্ঘটনার পর এই কিপার-ব্যাটসম্যানের দুই হাঁটুতেই অস্ত্রোপচার করাতে হয়েছিল।

বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে ৪৬ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় ভারত। তবে হার এড়াতে পারেনি তারা। ১৯৮৮ সালের পর এই সংস্করণে ভারতের মাটিতে নিউ জিল্যান্ডের প্রথম জয় এটি।

আগামী বৃহস্পতিবার পুনেতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। আর মুম্বাইয়ে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১ নভেম্বর। 

দ্বিতীয় ও তৃতীয় টেস্টের ভারত দল: রোহিত শার্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), ইয়াসাসভি জয়সওয়াল, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, সারফারাজ খান, রিশাভ পান্ত, ধ্রুব জুরেল, রাভিচান্দ্রান অশ্বিন, রাভিন্দ্রা জাদেজা, আকসার প্যাটেল, কুলদিপ ইয়াদাভ, মোহাম্মাদ সিরাজ, আকাশ দিপ, ওয়াশিংটন সুন্দার।