অ্যাশেজ খেলতে ‘ঝুঁকি’ নিতে প্রস্তুত কামিন্স
দ্রুত সেরে ওঠার জন্য পুনর্বাসনে তাড়াহুড়া করতেও আপত্তি নেই অস্ট্রেলিয়া অধিনায়কের।
পিঠের সমস্যায় আসছে অ্যাশেজের শুরুতে প্যাট কামিন্সের খেলা নিয়ে উঁকি দিচ্ছে প্রবল শঙ্কা। কিন্তু ঐতিহ্যবাহী সিরিজটির একটি মুহূর্তও মাঠের বাইরে থাকতে চান না অস্ট্রেলিয়া অধিনায়ক। তাই দ্রুত সেরে উঠতে পুনর্বাসনে ঝুঁকি নিতেও প্রস্তুত অভিজ্ঞ এই পেসার।
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের পর থেকে আর কোনো ধরনের ক্রিকেটে খেলেননি তিনি। আগামী মাসে নিউ জিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফেরার পরিকল্পনা ছিল তার।
কিন্তু বিধি বাম। গত সোমবার রুটিন পরীক্ষায় কামিন্সের হাড়ে স্ট্রেস ধরা পড়ে। স্বস্তির ব্যাপার, স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে সতর্ক না থাকলে ক্রমে স্ট্রেস ফ্র্যাকচারে পরিণত হতে পারে তা।
এই চোটে ক্যারিয়ারের শুরুর দিকে একবার পড়েছিলেন কামিন্স। ২০১১ সালে স্মরণীয় টেস্ট অভিষেকের পর স্ট্রেস ফ্র্যাকচারে দীর্ঘ ছয় বছর এই সংস্করণে খেলতে পারেননি তিনি।
তাই এবার আর কামিন্সকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া। তাই নিউ জিল্যান্ড সফরের দলে তাকে রাখেনি তারা। ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও তার না থাকা একরকম নিশ্চিত।
আগামী ২১ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু অ্যাশেজ সিরিজ। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে যেকোনো মূল্যে শুরু থেকে খেলতে চান কামিন্স।
ব্রিজবেনে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৩২ বছর বয়সী কামিন্স বলেন, ঝুঁকি থাকলেও সেরে ওঠায় তাড়াহুড়া করতে আপত্তি নেই তার।
“এটা অ্যাশেজ সিরিজ। এর চেয়ে বড় কিছু হতে পারে না। তাই আমার মনে হয়, কিছুটা ঝুঁকি নেওয়া যায় এবং যতটা সম্ভব বেশি টেস্ট খেলার চেষ্টা করার জন্য (সেরে উঠতে) তাড়াহুড়া করা যায়।”
পুনর্বাসন যদি ঠিকমতো এগোয়, ৩ নভেম্বর ঘরোয়া ওয়ানডে কাপে নিউ সাউথ ওয়েলসের ম্যাচ দিয়ে ফেরার সম্ভাবনা আছে কামিন্সের। সেটি না হলে ১০ নভেম্বর শেফিল্ড শিল্ডের ম্যাচে তাকে দেখা যেতে পারে। তবে ঝুঁকি থাকলে খেলানো হবে না কোনোটিই। সেক্ষেত্রে কোনো ম্যাচ অনুশীলন ছাড়াই অ্যাশেজে দেখা যেতে পারে তাকে।
এতে অবশ্য সমস্যার কিছু দেখছেন না কামিন্স। ম্যাচ অনুশীলন ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দলের প্রত্যাশা পূরণ করার ব্যাপারে আত্মবিশ্বাসী ৭১ টেস্ট খেলা ক্রিকেটার।
“ক্যারিয়ারের এই পর্যায়ে এসে মনে হচ্ছে, ১৮ কিংবা ১৯ বছর বয়সের তুলনায় এখন আমি সম্ভবত দ্রুত ছন্দে ফিরতে পারব। ওই বয়সে হয়তো মনে হতে পারে, (প্রস্তুত হতে) কিছু শেফিল্ড শিল্ড ম্যাচ অথবা ওয়ানডে ম্যাচ খেলা দরকার। আমি বেশ আত্মবিশ্বাসী, যদি শিল্ড ম্যাচ খেলার সুযোগ নাও পাই, তারপরও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারব।”
